ঢাবির মল চত্বরে গভীর রাতে আগুনে পুড়ল তিনটি গাছ

০৮ ফেব্রুয়ারি ২০২০, ০৫:০৩ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরের তিনটি কড়ই গাছ আগুনে পুড়েছে৷ শুক্রবার গভীর রাতে হঠাৎ আগুন লেগে গাছ তিনটিতে ছড়িয়ে পড়ে৷ তিনটি গাছের নিচেই জড়ো করে রাখা ছিল শুকনো পাতা ও ডালপালা রাতে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস৷

গাছ তিনটির নিচে জড়ো করে রাখা শুকনো পাতা ও ডালপালা থেকে এই আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করছেন মল চত্বরের পার্শ্ববর্তী কলা ভবনের নৈশপ্রহরীরা৷

আর ফায়ার সার্ভিসের ধারণা, রাতে যাঁরা ক্যাম্পাসের এলাকাগুলো ঝাড়ু দেন, তাঁদের কেউ শুকনো ডাল ও পাতাগুলোতে আগুন জ্বালিয়ে রেখে গিয়েছিলেন সেখান থেকেই গাছে আগুন লেগে থাকতে পারে৷

প্রত্যক্ষদর্শী কলাভবনের নৈশপ্রহরীরা জানান, রাত পৌনে চারটার দিকে কলাভবন এলাকা থেকে তাঁরা মল চত্বরের গাছে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন৷ পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের পলাশী ব্যারাকের স্টেশন অফিসার অনয় ঘোষ বলেন, শুক্রবার দিবাগত রাত ৩টা ৫৮ মিনিটে ফোন পেয়ে আমরা মল চত্বরে ছুটে আসি৷ আমাদের দুইটি ইউনিটের চেষ্টায় সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে৷ রাতে যাঁরা ক্যাম্পাসের এলাকাগুলো ঝাড়ু দেন, তাঁদের কেউ শুকনো ডাল ও পাতাগুলোতে আগুন জ্বেলে রেখে গিয়েছিলেন৷ সেখান থেকেই গাছে আগুন লেগে থাকতে পারে বলে আমাদের ধারণা৷

আগুন লাগার পেছনে ঝাড়ুদারদের জড়িত করে ফায়ার সার্ভিস যে ধারণা করছে, তা সঠিক নয় বলে দাবি করেন কলাভবনের নৈশপ্রহরীরা৷ কলাভবনের নৈশপ্রহরী সুশীল রায় বলেন, যে সময়টিতে গাছে আগুন লেগেছে, এই সময়ের অনেক পরে ঝাড়ুদারেরা এই এলাকায় ঝাড়ু দিতে আসেন৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানীও নিশ্চিত নন যে কে বা কারা গাছে আগুন লাগিয়েছেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশের প্রতি সবাইকে যত্নশীল থাকার আহ্বান জানিয়েছেন তিনি৷

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে শিক্ষাসফরে গেল এনএসইউ’র মার্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন দুইদিনে ৭ হাজার ছাড়াল
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ইউএস-বাংলা এয়ারলাইনসে, আবেদন ৩ সেপ্টেম্…
  • ২৩ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন এলজিআরডি মন্ত্রী  
  • ২৩ আগস্ট ২০২৬
না ফেরার দেশে ঢাবি ছাত্র হাবিবুর রহমান শুভ
  • ২৩ আগস্ট ২০২৬