ঢাকা মেডিকেল হাসপাতালে ভিপি নুর ও আখতার হোসেন
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের হামলায় ডাকসু ভিপি নুরুল হক ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন আহত হয়েছেন। হামলায় ভিপি নুরের বাম হাতের আঙুল এবং আখতারের ডান পায়ের হাটুতে আঘাত পেয়েছেন। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে তাদের।
আজ মঙ্গলবার বিকেল ৪টায় এ হামলার ঘটনা ঘটে। মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে নুরের ওপর হামলা চালানো হয়। এতে ঢাবি শিক্ষার্থী সালেহ উদ্দিন সিফাত, নাহিদসহ অনেকে আহত হয়েছেন। অন্যদিকে সূর্যসেন হল ছাত্রলীগের আল নাহিয়ান খান জয়ের অনুসারী আসলামও আহত হয়েছেন।
ভিপি নুরসহ বেশ কয়েকজন আহত হয়ে ঢামেকে ভর্তি হয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর বাচ্চু মিয়া।
.png)
গত ১৫ ডিসেম্বর ভারতে নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদ করায় সেখানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলা চালায় পুলিশ। এতে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের দাবির প্রতি সংহতি এবং নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেল ৪টায় এক বিক্ষোভ সমাবেশের ডাক দেয় শিক্ষাথীরা। এতে ডাকসু ভিপি নুরুল হক, সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ উপস্থিত শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা।
.jpg)
রাজু ভাস্কর্যে সমাবেশের প্রস্তুতি নেয়ার সময়ে হঠাৎ বাধা দেয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা। এক পর্যায়ে তারা ডাকসু ভিপি নুরুল হক সমাজসেবা সম্পাদক আখতার হোসন সহ বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ রাশেদ খান, ফারুক হোসেন সহ অন্যদের উপর হামলা চালানো হয়েছে।
হামলা পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে নুরুল হক বলেন, আমরা ভারতীয় আগ্রাসন এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ করতে রাজুতে আসলে মুক্তিযুদ্ধ মঞ্চ নামক সন্ত্রাসী বাহিনী আমাদের উপর হামলা চালায়। বিনা উস্কানিতে আমাদের উপর হামলা চালিয়েছে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় নামক জায়গায় তারা আমাদের উপর হামলা করেছে। তাদের সরকার মদদ দিচ্ছে। এসময় নুর হামলার তীব্র নিন্দা জানিয়ে হুশিয়ারি দেয়।

হামলার শিকার আহত আখতার হোসেন সমাবেশের সামনে বসে বসে বক্তব্য দেন। তিনি বলেন, ভারতের আধিপত্য কায়েম হতে দিব না। সরকারের নীরব ভূমিকার জন্য দেশ আজ অন্যের হাতে।