© লোগো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ শুক্রবার। ‘গ’ ইউনিটের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। এছাড়া চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে আগামী শনিবার।
এদিকে নতুন শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় মাঠে থাকার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। থাকা-খাওয়ার ব্যবস্থা, নির্দিষ্ট সময়ে পরীক্ষার হলে পৌছে দেওয়া, শিক্ষা উপকরণ বিতরণ, নিরাপদ পানি সরবরাহসহ নানা প্রস্তুতি নিয়েছে ঢাবি শাখা ছাত্রলীগ।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তুতির কথা জানান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় গৃহীত পদক্ষেপের মধ্যে রয়েছে-
১. ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রয়োজনে হল ছাত্রলীগ পরীক্ষার পূর্ব রাতে থাকার ব্যবস্থা করবে।
২. শিক্ষার্থীদের পরিবহনের জন্য জয় বাংলা বাইক সার্ভিস চলমান থাকবে।
৩. পরীক্ষা কেন্দ্র পরিচিতির জন্য দিক নির্দেশক চিহ্ন ও সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।
৪. সুপেয় পানির ব্যবস্থা করা হবে।
৫. কলম ও আনুষাঙ্গিক শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।
৬. শিক্ষার্থীদের ব্যবহৃত অথচ পরীক্ষা কেন্দ্রে নেয়ার অনুপযোগী জিনিসপত্র রাখার ব্যবস্থা করা হবে।
৭. বিভিন্ন পয়েন্টে স্থায়ী তথ্য কেন্দ্র থেকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে।
৮. প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইলচেয়ার ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ করা হবে।
৯. ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাথে আগত অভিভাবকের বিশ্রামের জন্য চেয়ার, হাতপাখা ও খাবার পানির ব্যবস্থা করা হবে।
১০. তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদানের জন্য মেডিকেল ক্যাম্প গঠন করা হবে।
১১. হটলাইনের মাধ্যমে যে কোন প্রয়োজনে তাৎক্ষণিক সেবা প্রদানের ব্যবস্থা করা হবে।