© টিডিসি ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইংলিশ স্পীকিং এন্ড প্রেজেন্টেশন এবং প্রযুক্তি বিষয়ক এক কর্মশালা আয়োজন করলো লৌডস্টার ইন্সটিটিউট। শনিবার বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারের সিরাজুল ইসলাম লেকচার হলে ‘ওয়ার্কশপ অন মাস্টারিং ইংলিশ স্পীকিং এন্ড প্রেজেন্টেশন স্কিলস এন্ড টেক টক ফর ক্যারিয়ার এডভান্সমেন্ট’ শীর্ষক এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নেন।
ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট, হ্যালো টীন সোসাইটি এবং জার্নাল অব ইএলটি এন্ড এডুকেশন এর সাথে যৌথভাবে লৌডস্টার ইন্সটিটিউট এই কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে বক্তারা কমিউনিকেটিভ স্কিল অর্জনের প্রতি গুরুত্বারোপ করেন এবং সেই সাথে বিশ্বব্যাপী সম্ভাবনার দ্বার উন্মোচন করতে ইংরেজিতে কথা বলা ও উপস্থাপনায় দক্ষতা অর্জন এবং প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের প্রতি জোর তাগিদ প্রদান করেন।
লৌডস্টার ইন্সটিটিউটের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক এই কর্মাশালার মূল প্রতিপাদ্য ছিল ‘এডুকেইট-এম্পাওয়ার-এনলাইটেন’ অর্থাৎ ‘প্রশিক্ষণ-ক্ষমতায়ন-আলোকিতকরণ’। যোগাযোগের দক্ষতা অর্জন, নেতৃত্বের গুণাবলি অর্জন, উপস্থাপনা, ইংরেজিতে কথা বলাসহ প্রভৃতি সফট স্কিল গুলো অর্জনে সহায়ক নিয়ামকগুলো নিয়ে বক্তারা বিশেষ বক্তব্য প্রদান করেন। তাছাড়া অদূর ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক ইঞ্জিনিয়ারিং এর সম্ভাবনাময় বাজার এবং বাংলাদেশে এর গুরুত্ব ও গ্রহণযোগ্যতা নিয়ে বক্তব্য রাখা হয় এবং প্রযুক্তির উৎকর্ষ সাধনে ইংরেজির ভূমিকা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তব্যে রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলাম, ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট এর সিইও মো. মনির হোসেন, হ্যালো টীন সোসাইটির প্রেসিডেন্ট আসাদ খান, আরপিএটিসি ঢাকার ডেপুটি ডিরেক্টর মাসুদ আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লৌডস্টার ইন্সটিটিউটের আইইএলটিএস ইনস্ট্রাক্টর তানজিলা মেহনাজ, শাহাদাত হোসাইন, মাসুদ রানা, আব্দুল্লাহ আল মামুন, শোয়াইব বিন আজিজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্সটিটিউটের সহ-প্রতিষ্ঠাতা ও ডেপুটি ডিরেক্টর মু. আসাদুজ্জামান।
প্রযুক্তিতে ফ্রিল্যান্সিং এর উপযোগিতা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও রোবোটিকস এর উপর ইন্টারএ্যাকটিভ সেশন পরিচালনা করেন যথাক্রমে মো মনির হোসেন এবং শোয়াইব বিন আজিজ। উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল্যের সূত্র নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা রাখেন আসাদ খান। প্রতি সেশনের পরপরই অংশগ্রহণকারীদের জন্য ছিল কুইজ, উপস্থিত বক্তৃতা এবং পুরস্কার। অনুষ্ঠানের শেষ পর্যায়ে লৌডস্টারের শিক্ষার্থীরা তাদের অর্জন সম্পর্কে মতামত ব্যক্ত করেন।