গণমাধ্যমে কর্মীদের সাথে কথা বলছেন এসএম হলের নেতারা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরকে অবরুদ্ধ রাখার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জুলিয়াস সিজার তালুকদার। তিনি বলেছেন, নুরকে কেউ অবরুদ্ধ করেনি। এটা ভূয়া অভিযোগ।
মঙ্গলবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। সর্বশেষ রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় গ্রুপ উপাচার্য বাসভবনের সামনে পাশাপাশি অবস্থান করছেন।
অবস্থান নিয়ে সাংবাদিকদের জুলিয়াস বলেন, আমরা নুরকে বলেছি, হলে আসার আগে আপনার হল সংসদকে জানানো উচিত ছিল। তাছাড়া নুর এসএম হলে যখন গিয়েছিলেন, আমরা পূর্ণ সময় তার সাথে ছিলাম। অবরুদ্ধ ব্যাপারটা আসবে কেন?
তিনি আরো বলেন, এসএম হলে যদি কোস সমস্যা হয় তাহলে আমরা সর্বোচ্চ হিসেবে ভিপিকে আশা করতে পারি। বাকিরা নয়। তার দাবি, নুরসহ অন্যারা যার জন্য হলে গিয়েছিলেন, তিনি একজন মাদক ব্যবসায়ী। অথচ তিনি এই ব্যবসায়ীকে পুনরায় হলে তুলতে চান। অথচ এর আগেই সাধারণ ছাত্ররা তাকে গণধোলাই দিয়ে বের করে দিয়েছে।
তিনি বলেন, নুর যেভাবে হলে প্রবেশ করেছেন, এটা ডাকসুর গঠনতন্ত্র নয়। তিনি অনেক হলের অনেকেকে নিয়ে প্রবেশ করেছেন। হলে কে থাকবে এটা কি কেন্দ্রীয় ডাকসু দেখবে নাকি হল সংসদ? প্রশ্ন করেন তিনি।
এ সময় ছাত্রলীগ কর্মীরা ‘এসএম হলে হামলা কেন, প্রশাসন জবাব চাই; ‘নুর বাহিনীর সন্ত্রাসীরা, হুশিয়ার সাবধান; ‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট একশন; ‘এসএম হলের একশন, ডাইরেক্ট অ্যাকশন বলে স্লোগান দিচ্ছিল।