ডাকসু ও হল সংসদ
© টিডিসি ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ থাকলে তা প্রমাণসহ তদন্ত কমিটির কাছে জমা দানের জন্য বলা হয়েছে। রবিবার ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০১৯ সংক্রান্ত তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক সাজেদা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপিতে বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০১৯-এর বিষয়ে প্রাপ্ত অভিযোগসমূহ পর্যালোচনার জন্য একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কোন ব্যক্তির যদি আরো কোন সুনির্দিষ্ট অভিযোগ থাকে তবে তা লিখিতভাবে তথ্য-প্রমাণাদিসহ নিজের বিস্তারিত পরিচয় (মোবাইল নম্বরসহ) কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান, সহকারী প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর নিকট আগামী ২৮-০৩-২০১৯ তারিখ, বৃহস্পতিবার, অপরাহ্ন্ ৩টার মধ্যে প্রক্টর অফিসে জমা দেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
এদিকে ডাকসু নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে এবং ফের নির্বাচনের দাবি আন্দোলন করেন শিক্ষার্থীরা। এতে কোটা সংস্কার আন্দোলন, বাম জোট এবং স্বতন্ত্র প্যানেলের প্রার্থী ও সমর্থকরা অংশ নিয়েছেন।
এর আগে ২১ মার্চ নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে সাত সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৭ সদস্যের কমিটির অন্য সদস্যরা হলেন, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মো. ইমদাদুল হক, স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট মো. মহিউদ্দিন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর শফিক উজ জামান, সিন্ডিকেট সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির এবং পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনিস্টিটিউটের প্রফেসর শারমিন রুমি আলীম।