ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের পুন:পরীক্ষার ফল প্রকাশে এবার প্রচলিত রীতি পরিবর্তন করে ভিন্ন পন্থা অবলম্বন করেছে কর্তৃপক্ষ। অন্যান্য পরীক্ষায় সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হলেও এবার সে রীতি অনুসরণ করা হয়নি।
সোমবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়। ফল প্রকাশ উপলক্ষ্যে ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামানসহ ভর্তি সংশ্লিষ্টরা সাংবাদিকদের সাথে কথা বলার রেওয়াজ থাকলেও এবার তিনি এ বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের সাথে কথা বলার পরামর্শ দেন।
অভিযোগ আছে, সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়াতে এমন পদ্ধতির আশ্রয় নিয়েছেন কর্তৃপক্ষ। প্রশ্নফাঁসের অভিযোগ থাকায় প্রথম দফায় উক্ত ইউনিটের ফল প্রকাশের সময় সাংবাদিকদের ব্যাপক প্রশ্নের সম্মুখীন হন ঢাবি উপাচার্য ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালীম।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর প্রথম দফায় ‘ঘ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঘোষণাও করা হয় ফলাফল। সেসময় পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ায় ফল বাতিলের দাবি করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন। পরে শিক্ষার্থীদের চাপের মুখে উত্তীর্ণ শিক্ষার্থীদের পুন:পরীক্ষা নেয় কর্তৃপক্ষ।