ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মনোবিজ্ঞান বিভাগ ও বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির যৌথ আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘মনোবিজ্ঞান সম্মেলন-২০১৮’। আজ শুক্রবার সকালে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সম্মেলনের উদ্বোধন করেন।
এসময় উপাচার্য বলেন, মনোবিজ্ঞান একটি ব্যবহারিক বিজ্ঞান, এর ব্যাপ্তি অনেক। সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় মানসিক স্বাস্থ্য সেবার প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিসীম। এজন্য মনোবিজ্ঞানীদের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। দু’দিনব্যাপী এ সম্মেলনের বিভিন্ন সেশনের মাধ্যমে সরকারের ও বিশ্ববিদ্যালয়ের করণীয় বিভিন্ন দায়িত্ব ও ভূমিকা উঠে আসবে বলে উপাচার্য আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম মন্ডল, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল এর প্রধান সমন্বয়কারী মো. মাজেদুল হক, বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মাদ মাহমুদুর রহমান, সাধারন সম্পাদক অধ্যাপক ড. মো. শামসুদ্দীন ইলিয়াস ও ঢাকা বিশ^বিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. মাহফুজা খানম প্রমুখ বক্তব্য রাখেন।