© টিডিসি ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ‘অধ্যাপক ড. মুহম্মদ সিরাজুল ইসলাম কম্পিউটার ল্যাব’ উদ্বোধন করা হয়েছে।
বুধবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিক এ ল্যাব উদ্বোধন করেন। কলা অনুষদের সপ্তম তলায় স্থাপিত ল্যাবটি বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. মুহম্মদ সিরাজুল ইসলামের পরিবারের অর্থায়নে নির্মিত হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আতাউর রহমান মিয়াজী।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এ ল্যাবটি স্থাপনের ফলে বিভাগীয় শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে এবং যুগ যুগ ধরে অধ্যাপক ড. মুহম্মদ সিরাজুল ইসলামকে স্মরণ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক সিরাজুল ইসলামের পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তার জ্যেষ্ঠ কন্যা সাবিহা, কনিষ্ঠ কন্যা শবনম শেহনাজ চৌধুরী দীপা, কনিষ্ঠ জামাতা আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, মুন্সিগঞ্জের পৌর মেয়র সহিদুল ইসলাম শাহীন প্রমুখ। এছাড়া স্মৃতিচারন করেন তার স্নেহধন্য যাদুশিল্পী জুয়েল আইচ। অধ্যাপক ড. মুহম্মদ সিরাজুল ইসলামের জীবনালেখ্য পাঠ করেন বিভাগীয় অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। স্বাগত বক্তব্য দেন একই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিম।