জবি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করছে নীল দলের একাংশ © টিডিসি ফটো
বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নানকে স্বাধীনতা বিরোধী দাবি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নীল দলের একাংশ। একইসাথে তিনিসহ সকল অশুভ চক্রের আস্ফালন ও ষড়যন্ত্রের বন্ধের দাবি করেন তারা। রবিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধনের এ দাবি করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নীল দলের একাংশের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ, অধ্যাপক ড. মো. শাহজাহান, অধ্যাপক ড. নূর মোহাম্মদ ও নীল দলের সাধারণ সম্পাদক ড. মোস্তফা কামাল।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙ্গালি জাতি যখন পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ পরিচালনা করছিলো তখন মান্নানসহ অনেকেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ও পাকিস্তানীদের পক্ষে কাজ করেছিলো। আর এই সত্য প্রকাশ করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের নামে মেজর মান্নান যে উকিল নোটিশ পাঠিয়েছে তারই বিরুদ্ধে আমাদের এই মানববন্ধন। একজন স্বাধীনতা বিরোধী মান্নান বিশিষ্ট শিক্ষাবিদের বিরুদ্ধে উকিল নোটিশ দিতে পারে না। আমরা এই উকিল নোটিশের প্রত্যাহার করার দাবি করছি।
এর আগে গত ৩০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানকে আইনি নোটিশ পাঠানোর প্রতিবাদে জবি শাখা ছাত্রলীগের উদ্যোগে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নানের কুশপুতুল দাহ ও মিছিল করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৯ আগস্ট বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে ‘জনতন্ত্র গণতন্ত্র’ নামের একটি টকশো অনুষ্ঠিত হয়। সেখানে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নানকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ‘রাজাকার ও স্বাধীনতাবিরোধী’ বলে মন্তব্য করেন। তারই প্রেক্ষিতে গত রবিবার রেজিস্ট্রি ডাকযোগে মেজর (অব.) আবদুল মান্নানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. ওমর ফারুক একটি আইনি নোটিশ পাঠান। নোটিশে অধ্যাপক ড. মীজানুর রহমানকে বক্তব্য প্রত্যাহার করতে বলা হয়েছে।
উক্ত মানববন্ধনে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।