সভাপতি মো. জাকারিয়া এবং সাধারণ সম্পাদক মারজুকা রায়না © টিডিসি ফটো
বাংলাদেশ তরুণ কলাম লেখক সংঘের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দর্শন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মো. জাকারিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে নৃত্যকলা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মারজুকা রায়না দায়িত্ব পালন করবেন। ৩০ অক্টোবর সংগঠনটির কেন্দ্রীয় কমিটির মাসিক বৈঠকে ঢাবি শাখার এ কমিটি গঠন করা হয়।
‘সুপ্ত প্রতিভা প্রকাশ করি লেখনীর ধারায়’ এই স্লোগানকে বুকে ধারণ করে শিক্ষার পাশাপাশি সহশিক্ষার মাধ্যমে নিজের দক্ষতা ও নেতৃত্ব বিকশিত করার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ তরুণ কলাম লেখক সংঘ। সংগঠনটির সদস্যরা দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় নিয়মিত কলাম লেখার মাধ্যমে নিজেদের দক্ষতার উন্নয়নের পাশাপাশি সমাজ ও দেশের ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
৪১ সদস্য বিশিষ্ট এ নতুন কমিটিতে কোষাধ্যক্ষ পদে মো. ফেরদাউস খান, দফতর সম্পাদক পদে শামীম শরিফ ও প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসাবে মো. মুছা মনোনীত হয়েছেন। মিটি ঘোষণার পর নব নিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নতুন কমিটি সংগঠনের উপদেষ্টা ফয়সাল আহম্মাদ, কেন্দ্রীয় সভাপতি মো.জাহানুর ইসলাম ও সাধারণ সম্পাদক নাজমুন আরা শামীমার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ফয়সাল আহম্মাদ বলেন, ‘লেখালেখিতে আমাদের তরুণ প্রজন্ম আজ অনেক পিছিয়ে। দেশকে এগিয়ে নিতে তোমাদের মতো উদীয়মান সৃজনশীল মেধাবী তরুণদের আজ খুবই দরকার।’ মো.জাহানুর ইসলাম নতুনদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন এবং তরুণদের লেখনীর ছোঁয়ায় দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আর নাজমুন আরা শামীমা তরুণদের দেশের সম্পদ অবিহিত করে লেখার মান উন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। তারা সকলে নতুন কমিটির সকল সদস্যদেরকে অভিনন্দন ও তাদের সফলতা কামনা করেন।