‘ঘ’ ইউনিটের ভর্তি কার্যক্রমে অসঙ্গতি দেখা গেলে ব্যবস্থা: ঢাবি কর্তৃপক্ষ

২১ অক্টোবর ২০১৮, ০৪:২১ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায়  ফলাফল ও ভর্তি কার্যক্রমে কোনো ধরনের অসঙ্গতি দেখা গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঘ’ ইউনিটের প্রধান সমন্বয়কারী ডিন ভর্তি কার্যক্রমের প্রাক্কালে ফলাফল নিরীক্ষা, বিশ্লেষণ ও পর্যালোচনা করবেন। কোনো ব্যত্যয়/অসঙ্গতি পরিলক্ষিত হলে ব্যবস্থা নেবেন। বৃহত্তর কোনো সিদ্ধান্তের প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সুপারিশ দিলে সে আলোকে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে।

এদিকে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন ওই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হওয়া এক ভর্তিচ্ছুর বাবা সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

প্রসঙ্গত, ১২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন প্রশ্নফাঁসের অভিযোগ উঠলেও কর্তৃপক্ষ আমলে নেয়নি। পরে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত ছয়জনকে আটক করলে শাহবাগ থানায় মামলা করে। উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। 

প্রথমে ফল প্রকাশ স্থগিত রাখলেও পরবর্তীতে ১৬ অক্টোবর ফল প্রকাশ করা হয়। ঘোষিত ফলাফল অস্বাভাবিক দেখা গেলে শিক্ষার্থীরা দাবি জানায়। 

১৬ অক্টোবর দুপুর থেকে আইন বিভাগের ছাত্র আখতার হোসেন পরীক্ষা বাতিলের দাবিতে অনশন শুরু করলে শিক্ষক-শিক্ষার্থীরা সরব হয়ে ওঠেন।ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলো পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে। 

তবে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় পরীক্ষা পুনরায় গ্রহণের দাবি উঠলেও বিশ্ববিদ্যালয়ের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত কোনো কিছুই বলা হয়নি।

ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬