প্রশ্নফাঁস

রাজু ভাস্কর্যেই ঘুমিয়েছেন আমরণ অনশনরত সেই শিক্ষার্থী

১৭ অক্টোবর ২০১৮, ০৮:০০ AM
রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তোলা ছবি।

রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তোলা ছবি। © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রতিবাদ ও পরীক্ষা বাতিল করে পুনরায় নেয়ার দাবিতে আমরণ অনশনে বসেছেন আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আখতার হোসেন। মঙ্গলবার রাতেও ঠান্ডা আবহাওয়ার মধ্যে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন অব্যাহত রাখেন। আজ বুধবার ভোরের আলো ফোটার পর কম্বল মুড়িয়ে ওই স্থানে শুয়ে থাকতে দেখা যায় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এ শিক্ষার্থীকে। 

এর আগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে অনশন শুরু করেন তিনি। এসময় তার পেছনে কিছু প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল ‘যদি পরীক্ষা শুরুর এক মিনিট আগেও প্রশ্ন পাওয়া যায়, তবুও সেটা প্রশ্নফাঁস’ , ‘প্রশ্নপত্রের নিরাপত্তা চাই’, ‘জালিয়াতদের বহিষ্কার চাই’, ‘হোতাদের বিচার চাই’, ‘অনশন’, ‘প্রশ্নফাঁস!!!? না, মেধাবীদের গলায় ফাঁস এ দায় নেবে কে?’ সম্বলিত স্লোগান। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সারাদিন অনশনের পর মঙ্গলবার শেষরাতের দিকে কম্বল মুড়িয়ে ঘুমিয়ে পড়েন আখতার। তার সহপাঠী-বন্ধুদের কেউ কম্বলটি সেখানে রেখে যায়। ঠান্ডা পরিবেশ থেকে তাকে সরে যেতে বললেও তিনি অস্বীকৃতি জানান। 

আখতার হোসেন বলেন, ‘আমি ‘ঘ’ ইউনিটের পরীক্ষা বাতিলের দাবিতে এখানে বসেছি। যে প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়েছে সেটা ফাঁস হওয়া প্রশ্ন। ফাঁস হওয়া প্রশ্নে আপনারা নতুন শিক্ষার্থী ভর্তি করাবেন, এটা আমি মেনে নিতে পারিনা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রব্বানী বলেন, ‘ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়া এবং ফল প্রকাশ করা একাডেমিক কার্যক্রমের অংশ। গণতান্ত্রিক পরিবেশে সবাই দাবি পেশ করতে পারে, তবে কে, কী দাবি করছে তা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। ’

এর আগে গত ১২ অক্টোবর ঢাবির প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষায় 'ঘ' ইউনিটে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। এরপর নতুন করে পরীক্ষা নেয়ার দাবি জানান বাম ছাত্র সংগঠনসহ কয়েকটি সংগঠন। প্রশ্নফাঁসের বিতর্কের মধ্যেই মঙ্গলবার ফলাফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পরীক্ষা বাতিলের দাবিতে অনশনরত শিক্ষার্থী সম্পর্কে জানতে চাইলে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, 'ঘ' ইউনিটে হাজার হাজার শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। আমরাতো তাদের জীবন নিয়ে খেলা করতে পারিনা।

এদিকে নানা সমালোচনার মধ্যেই প্রশ্নফাঁসের অভিযোগে বিতর্কিত ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ‘ঘ' ইউনিটের ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে ঢাবি প্রশাসন। এতে পাশ করেছে ২৬ দশমিক ২১ শতাংশ শিক্ষার্থী। বিকাল ৩টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

প্রকাশিত ফল অনুযায়ী, ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করে ৭০ হাজার ৪৪০ শিক্ষার্থী। পরীক্ষায় উত্তীর্ণ হয় ১৮ হাজার ৪৬৩ জন। এর মধ্যে বিজ্ঞানে ১১ হাজার ৯৩৬ জন, মানবিকে ৪ হাজার ১৬৯ জন, ব্যবসায় শিক্ষায় ২ হাজার ৩৫৮ জন পাস করেছে। সম্মিলিত পাশের হার ২৬ দশমিক ২১ ভাগ।

ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬