ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিষ্ঠার ৯৭ বছর উদযাপন করতে যাচ্ছে প্র্যাচের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারের প্রতিপাদ্য ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে উচ্চশিক্ষা’।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১জুলাই সকাল ১০টায় প্রশাসনিক ভবন সংলগ্ন মল চত্বরে দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করা হবে। ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। কর্মসূচীর মধ্যে রয়েছে: হলসমূহ থেকে শোভাযাত্রার উদ্দেশ্যে প্রশাসনিক ভবন সম্মুখস্থ মল চত্বরে সমবেত হওয়া, জাতীয় পতাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলন, পায়রা উড়ানো, কেক কাটা, বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ কর্তৃক উদ্বোধনী সংগীত পরিবেশন, স্মারক সংকলনের মোড়ক উন্মোচন এবং শোভাযাত্রাসহ ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গমন।
সকাল ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ওয়েবসাইট উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে উচ্চশিক্ষা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও পল্লী কর্মসংস্থান সংস্থার চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ।
এছাড়াও দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও হল দিনব্যাপী নিজস্ব কর্মসূচী গ্রহণ করেছে।