রাজধানী
আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা মহানগর যুবলীগের সাবেক সহসভাপতি কাজী তালাত হোসেন কাউটকে গ্রেপ্তার। © সংগৃহীত
রাজধানীর মতিঝিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা মহানগর যুবলীগের সাবেক সহসভাপতি কাজী তালাত হোসেন কাউটকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
শনিবার (২১ নভেম্বর) রাত ১২টার দিকে মতিঝিল থানাধীন এজিবি কলোনির হাসপাতাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ১১টার দিকে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী কাজী তালাত হোসেন কাউটকে আটক করেন। পরে তাঁকে মতিঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কাজী তালাত হোসেন কাউটের বাড়ি খুলনার খালিশপুর হাউজিং এস্টেটের নয়াবাটি এলাকায়। তিনি খুলনা মহানগর যুবলীগের সাবেক সহসভাপতি এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।