পৃথক যৌথ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় © টিডিসি ছবি
খাগড়াছড়ির গুইমারায় বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। একই সময়ে জেলা সদরে পৃথক যৌথ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আরও সাত সদস্যকে আটক করা হয়েছে। সব মিলিয়ে গত দুই দিনে জেলায় ১৮ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় ১১ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর বড়পিলাক ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে যায়। আগুন দেখতে পেয়ে দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যে আগুন পুরো কার্যালয়ে ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। খবর পেয়ে গুইমারা থানা পুলিশ ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই কার্যালয়টি পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে একই দিন ভোররাতে খাগড়াছড়ি পৌর শহরের পানখাইয়া পাড়া এলাকায় একটি চাঁদের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া খাগড়াছড়ি-দীঘিনালা ও খাগড়াছড়ি-মাটিরাঙা সড়কের দুটি স্থানে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে দুর্বৃত্তরা।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম এন আবছার এসব ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসীদের দায়ী করেছেন।
সদরে যৌথ অভিযানে আরও ৭ জন আটক
অন্যদিকে, গতকাল খাগড়াছড়ি থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাত সদস্যকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে জেলা মৎস্যজীবী লীগের আইনবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম এবং পৌর ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী রয়েছেন। তাঁদের মধ্যে ছাত্রলীগের ওয়ার্ড পর্যায়ের একজন যুগ্ম সাধারণ সম্পাদকও রয়েছেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে দুজনের বিরুদ্ধে পূর্বের পৃথক দুটি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে একজনের বিরুদ্ধে ২০১০ সালে দায়ের করা জালিয়াতি-সংক্রান্ত মামলা এবং অপরজনের বিরুদ্ধে ২০২০ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
খাগড়াছড়ি থানা পুলিশের তথ্যমতে, আটক সাতজনকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা পৃথক চারটি মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাগুলো ৪ জুলাই, ২০ সেপ্টেম্বর, ২১ সেপ্টেম্বর ও ৭ নভেম্বর ২০২৬ তারিখে খাগড়াছড়ি সদর থানায় দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, জেলার সাম্প্রতিক সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনাগুলো নিয়ে বিস্তারিত জানতে মঙ্গলবার সকাল থেকে সাংবাদিকেরা জেলা পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে তিনি ফোন রিসিভ করেননি।