অপ্রতিম হত্যাকাণ্ডে আরও একজন আটক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ PM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ PM
আনাস

আনাস © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে তুহিনের পর আনাস নামে আরও একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস।

তিনি জানান, অপ্রতিম নিখোঁজের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। সেখানে অপ্রতিমের সঙ্গে তুহিনকে দেখা যায়। পরে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তুহিনকে জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে আনাসকে আটক করা হয়েছে। দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানা যায়, আটক তুহিনের বাড়ি সানন্দা এলাকায়। তাঁর বাবার নাম নুরুল আলম। আনাসের বিষয়ে বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অপ্রতিম নিখোঁজ হওয়ার পর তাকে উদ্ধারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্নভাবে তৎপরতা চালায়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনার সময় অপ্রতীমের সঙ্গে এক তরুণকে দেখা যায়। ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়।

এর আগে শুক্রবার বিকেলে কোটবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বের হয় অপ্রতিম। এরপর আর বাসায় ফেরেনি। পরে তাঁর বাবা কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করেন। অপ্রতিমের মুঠোফোনের অবস্থান শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত গন্ধমতী এলাকায় শনাক্ত হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। এরপর ফোনটির আর কোনো অবস্থান পাওয়া যায়নি।

এদিকে শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে। তবে মরদেহের সঙ্গে অপ্রতীমের মায়ের আইফোনটি পাওয়া যায়নি।

অপ্রতিম স্থানীয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান। তার মরদেহ উদ্ধারের পর ঘটনাটির রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।  

অস্ত্র রাখার অভিযোগ দিয়ে মারধর করেছিল সহপাঠীরা, সিজিপিএ-৪ ন…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কলেজে ভর্তির মাইগ্রেশনের ফল দেখুন এখানে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর কুড়িল থেকে ১২ বছরের এক শিশু নিখোঁজ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে বসলেন ঢাকা দক্ষিণের দুই মেয়র প্রার্থী
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে চলন্ত বাসে আগুন
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬