গাঁজাসহ আটক দুই যুবক (মাঝে) © সংগৃহীত
ঝালকাঠির নলছিটিতে ৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে থানা-পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরোপয়েন্ট-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের আলী হোসেন হাওলাদারের ছেলে মো. মিজানুর রহমান (২২) ও একই এলাকার মো. কালু গাজীর ছেলে মো. মেহেদী গাজী (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, নলছিটি থানার এসআই (নি.) রুম্মান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দপদপিয়া ইউনিয়নের জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালায়। এ সময় শহিদ মিয়ার অটো গ্যারেজের সামনে পাকা সড়ক থেকে ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বয়স-অভিজ্ঞতায় তরুণ, পিএসসির নতুন চেয়ারম্যান কে এই ঢাবি অধ্যাপক?
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।