গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে গর্ভবতী নারীসহ আহত ১০

১৩ জুন ২০২৬, ০৩:৫৬ PM
ঘটনাস্থলে স্থানীয় লোকজন

ঘটনাস্থলে স্থানীয় লোকজন © টিডিসি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে ছয় মাসের গর্ভবতী নারীসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় উপজেলার পাটগাতী ইউনিয়নের পাটগাতী মধ্যপাড়া এলাকার ওস্তাবাড়ি এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

মহিবুল্লাহ ওস্তা গ্রুপের আহত ব্যক্তিরা হলেন গর্ভবতী নারী আমেনা বেগম (২৫), রাজিয়া বেগম (৫৫), হুসাইন লস্কর (৩২), সাইদ হাসান (২২), ফাতেমা বেগম (৫০)। বদরুল ওস্তা গ্রুপের আহত ব্যক্তিরা হলেন সারমিন আক্তার (২৫), রাসিদা বেগম (৪০), বাকপ্রতিবন্ধী ফজর ওস্তা (১৩) ও রুপবান বেগম (৫০)।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, জমিজমা-সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শুক্রবার সন্ধ্যায় বদরুল ওস্তা ও মহিবুল্লাহ ওস্তা গ্রুপের মধ্যে হঠাৎ সংঘর্ষ শুরু হয়। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার পর স্থানীয়দের হস্তক্ষেপে সংঘর্ষ বন্ধ হয়। পরে এলাকার লোকজন দুই পক্ষের আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করে।

মহিবুল্লাহ ওস্তার চাচাতো ভাই হুসাইন লস্কর বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে গত ১ ফেব্রুয়ারি আমার চাচী নাহিদা বেগমকে হাতুড়ি পেটা করে মেরে ফেলে কাদের ওস্তা ও বদরুল ওস্তার লোকজন। সেই মামলায় বদরুল ওস্তা ২ নম্বর আসামি, আর আমরা সাক্ষী। দীর্ঘদিন পালিয়ে থেকে উচ্চ আদালত থেকে জামিনে এসে আমাদের দোকানের সামনে দিয়ে যাওয়া আসার পথে নানা রকম হুমকি দেয় বদরুল। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ বদরুলের মেয়ে নানা রকম বকাঝকা শুরু করলে তার প্রতিবাদ করায় বদরুল ওস্তা বাড়িতে এসে আমার গর্ভবতী স্ত্রীর পেটে লাথি মারে। তখন তিনি ব্যথায় চিৎকার শুরু করলে আমরা এগিয়ে এলে আমাদেরও মারধর করে। পরে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়।’

তবে অভিযুক্ত বদরুল ওস্তা উল্টো অভিযোগ করে বলেন, ‘মহিবুল্লাহদের জমি নিয়ে বিরোধ কাদের ওস্তার সঙ্গে। কিন্তু হত্যা মামলায় আমার নামও জড়িয়ে দিয়েছে। দীর্ঘদিন পালিয়ে থেকে উচ্চ আদালত থেকে জামিনে আসার পর আমাকে আটকানোর জন্য এই নাটক সাজিয়েছে। মূলত আমার মেয়েকে তারা মারধর করেছে। খবর পেয়ে বাড়িতে আসার পর দেখি ওরা আমার স্ত্রীর চুল ধরে টেনে নিয়ে মারধর করছে। পরে তারা আমাকে দেখার পর যার যার মতো চলে যায়। এতে আমার স্ত্রী, মেয়েসহ ৫ জন আহত হয়েছে।’

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘এ ঘটনায় দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬
জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬