ঘরে ঢুকে শাবলের আঘাতে মুখ থেঁতলে গৃহবধূকে হত্যা

০৭ মার্চ ২০২৬, ১০:৩৩ AM , আপডেট: ০৭ মার্চ ২০২৬, ১০:৩৭ AM
গৃহবধূকে শাবল দিয়ে পিটিয়ে হত্যা

গৃহবধূকে শাবল দিয়ে পিটিয়ে হত্যা © সংগৃহীত

বরগুনায় ঘরে ঢুকে আলমতাজ (৪৪) নামে এক গৃহবধূকে শাবল দিয়ে পিটিয়ে এবং মুখমণ্ডল থেঁতলে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের আগাপদ্মা দিল মাহমুদ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত শাবলটি জব্দ করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

নিহত আলমতাজ ওই এলাকার আবুল হাওলাদারের স্ত্রী এবং তিন সন্তানের জননী। তার সন্তানরা বরগুনা শহরে ব্যবসা করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ইফতারের আগে আলমতাজ যখন নিজ বাড়িতে একা ছিলেন, সেই সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা শাবল দিয়ে তার মাথায় ও মুখে উপর্যুপরি আঘাত করে, এতে তার মুখমণ্ডল মারাত্মকভাবে থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে তারা ওই বাড়িতে আগুন লেগেছে বলে খবর পেয়েছিলেন। কিন্তু ঘটনাস্থলে গিয়ে বারান্দায় আলমতাজের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। স্থানীয় বাসিন্দা নাঈম হোসেন তানভীর জানান, নিহত পরিবারের আর্থিক অবস্থা ভালো এবং তাদের সঙ্গে কারো কোনো বিরোধ ছিল না। এমনকি হত্যাকাণ্ডের পর নিহতের শরীরে থাকা স্বর্ণালঙ্কারও অক্ষত পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে এটি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।

খবর পেয়ে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ্‌উদ্দিনসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ্‌উদ্দিন বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি লোহার শাবল জব্দ করা হয়েছে, যা দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।’

নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুজ্জামান মাহফুজ এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬