ভাঙারি দোকানে মিললো ৮ হাজার সরকারি বই

০২ মার্চ ২০২৬, ১০:১৫ AM
সরকারি বই ৮ হাজার সরকারি বই

সরকারি বই ৮ হাজার সরকারি বই © টিডিসি ফটো

শেরপুরে একটি ভাঙারি দোকানে অভিযান চালিয়ে প্রায় ৮ হাজার সরকারি মাদ্রাসার পাঠ্যবই জব্দ করেছে প্রশাসন। রবিবার (১ মার্চ) সন্ধ্যায় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে শহরের নওহাটা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে শহরের নওহাটা এলাকার মেসার্স রোকেয়া আয়রন স্টোর থেকে বিভিন্ন শ্রেণির ২০২৫ শিক্ষাবর্ষের প্রায় ৮ হাজার সরকারি বই জব্দ করা হয়। খবর পেয়ে শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে দোকানটির গুদাম সিলগালা করা হয়।

দোকানটির মালিক শহরের বাগরাকসা এলাকার বাসিন্দা আব্দুর রহিম অপু বলে জানা গেছে। অভিযানের সময় পরিস্থিতি টের পেয়ে মালিক ও কর্মচারীরা সরে যান বলে স্থানীয় সূত্রে জানা যায়।

এলাকাবাসীর অভিযোগ, নওহাটা এলাকায় অবস্থিত ওই ভাঙারি দোকানে দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন বই অবৈধভাবে কেনাবেচা করা হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা গণমাধ্যমকর্মী ও গোয়েন্দা সংস্থাকে অবহিত করেন। পরে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পুলিশ অভিযান পরিচালনা করে একটি ভ্যানগাড়ি ভর্তি নতুন বই জব্দ করে। পরবর্তীতে গুদামের ভেতরে আরও বিপুল পরিমাণ বইয়ের সন্ধান পাওয়া যায়।

ভ্যানচালক তজি মিয়া জানান, তিনি গুদামের ভ্যানগাড়ি চালক। মালিকের নির্দেশে বইগুলো আনা হচ্ছিল। বইগুলো সরকারি কি না, সে বিষয়ে তিনি অবগত নন বলে দাবি করেন।

স্থানীয়রা জানান, গত বছর বইয়ের সংকটের কারণে অনেক শিক্ষার্থীকে ৩ থেকে ৪টি করে বই দেওয়া হয়েছিল। অথচ নতুন বই গুদামজাত করে রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে শেরপুর সদর থানার এসআই সুশান্ত জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্যানগাড়িসহ জব্দ করা বইগুলো থানায় নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা গুদামটি সিলগালা করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক বলেন, জব্দ করা বইগুলো সদর উপজেলার কোনো মাদ্রাসার হতে পারে। বিষয়টি তদন্তের জন্য জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জামায়াত আমির-সম্পাদকদের বৈঠকে যা যা হলো
  • ২৪ আগস্ট ২০২৬
গাইবান্ধায় সার সংকট আতঙ্কে কৃষকের লম্বা লাইন
  • ২৪ আগস্ট ২০২৬
রাজধানীতে অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • ২৪ আগস্ট ২০২৬
ক্লাবিং, চাকরি, গবেষণা—সাকিবের অর্জনের ঝুলিতে এখন ১০ বিশ্বব…
  • ২৪ আগস্ট ২০২৬
আওয়ামী-যুবলীগের বিক্ষোভের পর ময়মনসিংহে ফাঁড়ির ইনচার্জসহ ২৭ …
  • ২৪ আগস্ট ২০২৬
একই পরিবারের ৭ জনকে চেতনানাশক ওষুধ খাইয়ে মালামাল লুট
  • ২৪ আগস্ট ২০২৬