কসবায় জমির বিরোধে ভাতিজার হাতে চাচা খুন

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৫ PM
নিহত রতন মিয়া

নিহত রতন মিয়া © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে রতন মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর এলাকার আড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনায় অভিযুক্তরা পলাতক।

নিহত রতন মিয়া আড়াইবাড়ি গ্রামের আবদুল কাদেরের ছেলে। 

অভিযুক্তরা হলেন একই গ্রামের তার ভাই রেজাউল করিম মিলন মিয়ার ছেলে রিফাত মিয়া (৩২), সিফাত মিয়া (২৪) ও তাদের খালাতো ভাই গোপীনাথপুর গ্রামের সামির মিয়া (১৮)।

নিহতের বড় মেয়ে আইরিন ইসলাম হ্যাপি জানান, জমি নিয়ে তাদের সঙ্গে চাচা ও চাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলছিল। বুধবার সকাল থেকেই প্রতিপক্ষ তার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। বিকেলে তিনি জমিতে কাজ করতে গেলে অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে তার বাবার ওপর হামলা চালান। এলোপাতাড়ি মারধরের পর জমিতে থাকা আগাছা কাটার কাঁচি দিয়ে তার হাত-পায়ের রগ কেটে ফেলে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রতন মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কুমিল্লায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

স্থানীয় সাবেক পৌর কমিশনার মো. আবু সায়িদ বলেন, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একাধিকবার শালিস বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।

এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

দুই বিশ্ববিদ্যালয়ে একই দিনে একই ইউনিটের ভর্তি পরিক্ষা, যা ব…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক চূড়ান্ত, ঘোষণা শিগগিরই
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
আয়রনম্যান ৭০.৩ নিউইয়র্কে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ট্রা…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইবি শিক্ষার্থীকে দোকানে কলার ধরে মারধরের অভিযোগ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস গ্রুপ, আবেদন ২৯ সেপ্ট…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৈরী আবহাওয়ায় গ্যাস সরবরাহ ব্যাহত, দুঃখ প্রকাশ পেট্রোবাংলার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬