সবজি কিনছেন এক ক্রেতা © টিডিসি
অকাল বৃষ্টির প্রভাবে যশোরের কাঁচাবাজারে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। শীতের সবজি বাজারে আসতে শুরু করলেও সরবরাহে ঘাটতির কথা বলছেন ব্যবসায়ীরা। অন্যদিকে কৃষকের ক্ষেত থেকে পাইকারি আড়ত হয়ে খুচরা বাজারে পৌঁছাতে কয়েক দফা হাতবদলে সবজির দাম আরও বাড়ছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে যশোরের বড়বাজার, পালবাড়ি ও চূড়ামনকাটি পাইকারি হাট ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। পাশাপাশি রাজারহাট কাঁচাবাজারের আড়তদারদের সঙ্গে কথা বলে সবজির পাইকারি ও খুচরা দরের তথ্য পাওয়া যায়।
চুড়ামনকাটি পাইকারি হাটে কৃষক পর্যায়ে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। আড়তে পৌঁছানোর পর সেই শিমের দাম দাঁড়াচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা। আর শহরের বড়বাজার ও পালবাড়ির খুচরা বাজারে ক্রেতাদের কিনতে হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। একইভাবে বেগুন ও বরবটি পাইকারি পর্যায়ে ৭০ থেকে ৭৫ টাকা এবং আড়তে ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে এসব সবজির দাম ১০০ থেকে ১২০ টাকা।
নতুন টমেটো পাইকারি হাটে ১০৫ থেকে ১১০ টাকা, আড়তে ১২০ টাকা এবং খুচরা বাজারে ১৪০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গাজর পাইকারি পর্যায়ে ১০০ থেকে ১১০ টাকা ও আড়তে ১২০ টাকা হলেও খুচরা দোকানে দাম চাওয়া হচ্ছে ১৫০ টাকা।
মাঝারি আকারের ফুলকপি ও বাঁধাকপি পাইকারি হাটে ২০ থেকে ২৫ টাকা এবং আড়তে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে প্রতিটি কিনতে হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। এ ছাড়া পটোল, মুলা ও শসা পাইকারি পর্যায়ে ৩৫ থেকে ৪০ টাকা হলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়।
পালবাড়ি বাজারের খুচরা বিক্রেতা জহুরুল ইসলাম বলেন, বৃষ্টিতে নিচু জমির সবজির ক্ষতি হয়েছে। অনেক কৃষক সময়মতো ক্ষেত থেকে ফসল তুলতে পারেননি। আড়ত থেকে বেশি দামে সবজি কিনতে হচ্ছে। এর সঙ্গে পরিবহন ও পচনজনিত খরচ রয়েছে। কেনার দাম বেশি হলে খুচরা বাজারেও দাম বাড়ে। তবে সরবরাহ স্বাভাবিক হলে দাম কমবে।
রাজারহাট কাঁচাবাজারের আড়তদার আব্দুল জব্বার বলেন, বৃষ্টির কারণে মোকাম থেকে সবজির সরবরাহ কিছুটা কমেছে। বিশেষ করে শিম ও কপির ক্ষেতে পানি জমে থাকায় বাজারে সরবরাহে প্রভাব পড়েছে।
বড়বাজারে সবজি কিনতে আসা বেসরকারি চাকরিজীবী সেলিম হোসেন বলেন, দুই দিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এর মধ্যেই সবজির দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। বৃষ্টির কারণে সরবরাহে কিছুটা সমস্যা হতে পারে। কিন্তু সেই সুযোগে সব পণ্যের দাম বাড়িয়ে দেওয়ার প্রবণতা ঠিক নয়। বাজারে এলে ব্যবসায়ীরা যে যার মতো দাম চাইছেন।
গৃহিণী রাজিয়া সুলতানা বলেন, মাছ-মাংসের দাম আগে থেকেই বেশি। ভেবেছিলেন, শীতের সবজি উঠলে অন্তত কম খরচে সংসার চালানো যাবে। কিন্তু সবজির দামও কমছে না। এক হাজার টাকা নিয়ে বাজারে এসেও প্রয়োজনীয় সবকিছু কেনা যাচ্ছে না। তেলের দাম বাড়লে রান্নার খরচ আরও বাড়বে।
এদিকে সবজির পাশাপাশি ভোজ্যতেলের বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত আসার আগেই যশোরের খুচরা বাজারে সয়াবিন তেলের সরবরাহ কমে যায় বলে অভিযোগ করেছেন ক্রেতারা। অনেক দোকানে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছিল না। কোথাও কোথাও লিটারপ্রতি দশ থেকে ১৫ টাকা বেশি দিতে চেয়েও তেল মেলেনি।
পালবাড়ি বাজারে আসা নোহান ইসলাম বলেন, সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা আসার আগেই দোকানে খুঁজে তেল পাওয়া যাচ্ছিল না। দুদিন আগে কয়েকটি দোকানে ঘুরেও এক লিটার তেল পাননি। কোথাও বেশি দাম দিতে চাইলেও বিক্রেতারা তেল নেই বলে জানান। তবে লিটারপ্রতি দশ টাকা বেশি দিলে এনে দেওয়া যাবে বলে কেউ কেউ জানিয়েছেন।
পালবাড়ি বাজারের খুচরা বিক্রেতা আব্দুল্লাহ আল মামুন বলেন, কয়েক দিন ধরে কোম্পানির সরবরাহ কম। চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। দোকানে তেল না থাকায় ক্রেতারা এসে ফিরে যাচ্ছেন। কিছু ক্রেতা বেশি দাম দিতে চাইলেও সরবরাহ না থাকলে বিক্রির সুযোগ নেই। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় কিছু তেল পাওয়ায় শুক্রবার বিক্রি করতে পারছেন।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম ও আমদানি ব্যয় বৃদ্ধির কারণ দেখিয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভায় সয়াবিন তেলের দাম লিটারপ্রতি তিন টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন নির্ধারিত দরে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৭ টাকা, পাঁচ লিটারের বোতল এক হাজার ১৫ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এসবের দাম ছিল যথাক্রমে ২০৪ টাকা, এক হাজার টাকা ও ১৮৫ টাকা। খোলা পাম তেলের দাম আগের মতোই লিটারপ্রতি ১৬৬ টাকা রাখা হয়েছে।
পালবাড়ি খুচরা বাজারে সাধারণ বোতলজাত শর্ষের তেল মানভেদে লিটারপ্রতি ২৪০ থেকে ৩২০ টাকা এবং স্থানীয় মিলের ঘানিভাঙা সরিষার তেল ৩৫০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। রাইস ব্র্যান অয়েল ২০০ থেকে ২৩৫ টাকা এবং আমদানিকৃত সানফ্লাওয়ার অয়েল ৪৮০ থেকে ৫২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক জানান, আবহাওয়ার দোহাই দিয়ে কেউ যাতে অস্বাভাবিক দামে সবজি বিক্রি করতে না পারেন, সে জন্য নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। পাইকারি ও খুচরা বাজারের ক্রয়-বিক্রয়ের রসিদ যাচাই করা হচ্ছে। কোনো ধরনের কারসাজি পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।