শেরপুরে জামায়াত নেতা হত্যা: স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৪ AM
মাহমুদুল হাসান রুবেল

মাহমুদুল হাসান রুবেল © সংগৃহীত

শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

ওই নেতার নাম মাহমুদুল হাসান রুবেল (৩৪)। তিনি ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে ঝিনাইগাতী উপজেলার বনগাঁও এলাকার একটি বিল থেকে তাকে আটক করা হয়। তিনি ঝিনাইগাতী উপজেলার বনকালী এলাকার গেসু মিয়ার ছেলে এবং মামলার ৫৫ নম্বর আসামি বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান-আল-আলমের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বনগাঁও এলাকায় অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে বিল এলাকা থেকে মাহমুদুল হাসান রুবেলকে গ্রেপ্তার করা হয়।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঞা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।

এদিকে এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দল। সংগঠনের আহ্বায়ক মো. মামুন অর রশিদ মামুন ও সদস্যসচিব মো. নিয়ামুল হাসান আনন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, এমন কর্মকাণ্ডের মাধ্যমে আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। তারা দাবি করেন, গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাৎ করার যেকোনো অপচেষ্টা জনগণ মেনে নেবে না। পাশাপাশি তারা জামায়াতে ইসলামীর দায়ের করা মামলাকে মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে গ্রেপ্তারকৃতের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতী মিনি স্টেডিয়ামে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার পথে ওই রাতেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ৩০ জানুয়ারি রাতে নিহতের স্ত্রী মারজিয়া ঝিনাইগাতী থানায় হত্যা মামলা করেন। মামলায় শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে ২৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়।

এ ঘটনায় গত সোমবার প্রধান আসামি মাহমুদুল হক রুবেলসহ ৪০ জনকে আগাম জামিন দেন হাইকোর্ট। পরে নিহতের স্ত্রী জামিনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে শেরপুরে সংবাদ সম্মেলন করেন।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬