জমি বিক্রির নামে ১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাৎ, ২ প্রতারক গ্রেপ্তার

২৮ নভেম্বর ২০২৫, ০৫:০৪ PM
গ্রেপ্তার দুই প্রতারক

গ্রেপ্তার দুই প্রতারক © সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে জমি বিক্রির নাম করে ১ কোটি ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে সিআইডি। গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ২টায় ঢাকার মোহাম্মদপুর থানা এলাকার বছিলা রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শাহীন কাজী (৪৪) ও মো. সায়েদুল ইসলাম (৪১)। 

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিক তদন্তে সিআইডি জানায়, আসামিরা জমিজমা নিয়ে পরিচয় তৈরির মাধ্যমে ভুক্তভোগীর আস্থা অর্জন করে। পরে তারা শ্রীপুর এলাকায় ২২ বিঘা জমি বিক্রি করতে পারবে বলে দাবি করে এবং সে লক্ষ্যে জমি বায়না করার জন্য ভুক্তভোগীকে প্রলুব্ধ করে। এরপর দলিলপত্র তৈরি, ভূমি অফিসে যোগাযোগ, রেজিস্ট্রি প্রস্তুত—এমন নানা অজুহাতে তারা বাদীর কাছ থেকে চলতি বছরের ৬ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত বিভিন্ন ধাপে মোট ১ কোটি ৩০ লাখ টাকা সংগ্রহ করে। এরপর তারা ভুক্তভোগীকে ২৬ মে জমি রেজিস্ট্রি হবে বলে জানায়। কিন্তু ওই দিন সকাল থেকেই প্রতারকদের ফোন বন্ধ পাওয়ায় ভুক্তভোগী নিশ্চিত হন যে, তিনি প্রতারণার শিকার হয়েছেন।

ঘটনার পর ভুক্তভোগী রাজধানীর দারুস সালাম থানায় মামলা করেন। মামলাটির তদন্তভার গ্রহণের পর সিআইডি ব্যাংক লেনদেন যাচাই, আধুনিক প্রযুক্তির মাধ্যমে তথ্য বিশ্লেষণ এবং ভুক্তভোগীর বর্ণনার ভিত্তিতে উক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল, ৪টি সিম, ১টি প্রাইভেটকার এবং নগদ ৪৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। সিআইডির তদন্তে দেখা যায়, আসামিরা পরিকল্পিতভাবে বায়নানামার কথা বলে অর্থ গ্রহণ করলেও জমিটি তাদের মালিকানায় ছিল না।

সিআইডি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা প্রতারণার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছে। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার পূর্ণাঙ্গ রহস্য উদ্ঘাটন এবং চক্রের অন্যান্য সদস্য ও সহযোগীদের শনাক্তের জন্য মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।

আন্তর্জাতিক নারী দিবসের স্পটলাইটে বাংলাদেশের শ্রেয়া ঘোষ
  • ০৭ আগস্ট ২০২৬
মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
  • ০৭ আগস্ট ২০২৬
ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার
  • ০৭ আগস্ট ২০২৬
মাদক সেবনের সময় ৩ যুবক আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
  • ০৭ আগস্ট ২০২৬
আর্জেন্টিনা জাতীয় দলে কত দিন খেলবেন মেসি—জানালেন তাপিয়া
  • ০৭ আগস্ট ২০২৬
সাতসকালে সড়কে ঝরল ১৬ জনের প্রাণ
  • ০৭ আগস্ট ২০২৬