চাকরির জন্য ১০ লাখ টাকা ঘুষ দাবি, ফেনীর সেই সমন্বয়কের বিরুদ্ধে মামলা

২১ জুন ২০২৫, ০৭:৫৩ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ১১:০০ AM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ রাব্বি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ রাব্বি © সংগৃহীত

ফেনীতে স্বাস্থ্য বিভাগের নিয়োগ পরীক্ষার আগে এক চাকরি প্রার্থীর কাছে ১০ লাখ টাকা ঘুষ চাওয়ার একটি অডিও ফাঁসের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি সমন্বয়ক নাহিদ রাব্বির বিরুদ্ধে মামলা করেছে স্বাস্থ্য বিভাগ। তবে অভিযুক্ত নাহিদ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দাবি করছেন, অডিওটি তাঁর নয়, এটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি।

গত বৃহস্পতিবার রাতে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইফতেখার হাসান ভূঁইয়া বাদী হয়ে পরশুরাম মডেল থানায় এ মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন ঘুষ দাবি করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ রাব্বি ও চাকরিপ্রত্যাশী আবদুল কাদের। তাঁদের মধ্যে নাহিদ পরশুরাম পৌর এলাকার কোলাপাড়া গ্রামের নুরুন্নবীর ছেলে। আর কাদের অনন্তপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম বেলাল হোসেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মো. ইফতেখার হাসান ভূঞা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও শুনেছেন। ওই অডিওতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ রাব্বি আবদুল কাদের নামের এক চাকরিপ্রত্যাশীর কাছে ঘুষ দাবি করেছেন। ২ মিনিট ২১ সেকেন্ডের অডিওতে নাহিদ রাব্বি ফেনী সিভিল সার্জন কার্যালয়ে অফিস সহকারী–কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবদুল কাদেরকে নিয়োগ পাইয়ে দেওয়ার কথা বলেন। এমন ঘটনায় সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ হয়েছে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এজাহারভুক্ত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত নাহিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ব্যবহৃত মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি। তবে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে নাহিদ দাবি করেছেন, ফাঁস হওয়া অডিওটি এআই দিয়ে তৈরি। তিনি এমন ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন।

তবে অডিওটির কথোপকথনের সত্যতা নিশ্চিত করেছেন চাকরিপ্রত্যাশী আবদুল কাদের। যোগাযোগ করা হলে তিনি বলেন, সমন্বয়ক পরিচয়দানকারী নাহিদ আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সরকার পরিবর্তনের আগে তিনি আন্দোলন–সংগ্রামে না থেকেও বিভিন্ন সময় নিজেকে সমন্বয়ক দাবি করে এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন। মূলত তাঁর মুখোশ উন্মোচন করতে তিনি এমন কৌশল বেছে নিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলার সাবেক সমন্বয়ক ও বর্তমান ছাত্র প্রতিনিধি মুহাইমিন তাজিম বলেন, ফেনী জেলাসহ ছয় উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটি নেই। কোথাও কোনো সমন্বয়কও নেই। তবে জেলাসহ প্রতিটি উপজেলায় ছাত্র প্রতিনিধি আছে একাধিক জন। পরশুরামের নাহিদ রাব্বি একজন ছাত্র প্রতিনিধি। রাব্বি একজন ভালো মানের সংগঠক, তিনি এমন কাজ করতে পারেন, তা বিশ্বাস হচ্ছে না।

ফেনী জেলা সিভিল সার্জন মোহাম্মদ রুবাইয়েত বিন করিম বলেন, স্বাস্থ্য বিভাগের নিয়োগ পরীক্ষায় কোনো অনিয়ম হওয়ার সুযোগ নেই। যাঁরা লেনদেন করতে চাইছেন, তাঁরা বোকার স্বর্গে বসবাস করছেন। সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় ও মেধার ভিত্তিতে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।’

ঘুষ লেনদেনের অডিও ফাঁস হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই ঘটনায় ইতিমধ্যে থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি গোয়েন্দা সংস্থাকে জানানো হয়েছে। তাঁরা এ বিষয়ে কাজ করছেন।

উল্লেখ্য, ফেনীতে স্বাস্থ্য বিভাগের ১১৫টি শূন্য পদের বিপরীতে ১২ হাজার আবেদন জমা পড়ে। গত শুক্রবার সকালে আবেদনকৃত প্রার্থীর অর্ধেক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬