বুধবার রাত সাড়ে ৯টায় 'ব্লক রেইড' চালায় ডিএমপি। © টিডিসি ফটো
রাজধানীর বসুন্ধরা আবাসিক, নর্দা-কালাচাঁদপুর এবং নতুন বাজার এলাকায় 'ব্লক রেইড' চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার রাত সাড়ে ৯টায় এ অভিযান শুরু হয়ে চলে সাড়ে ১১টা পর্যন্ত। এতে কাউকে আটক করেনি বলে জানায় পুলিশ।
সন্ধ্যা ৭টার পর প্রায় দুই হাজার পুলিশ সদস্য কুড়িল বিশ্বরোড এলাকায় জড়ো হন। পরে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত-কমিশনার (অপরাধ) কৃষ্ণপদ রায়, অতিরিক্ত কমিশনার (ডিবি) আবদুল বাতেন, যুগ্ম কমিশনার শেখ নাজমুল আলম, গুলশান বিভাগের উপকমিশনার মুশতাক আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে পুলিশ সদস্যদের ব্রিফ করেন। এরপর পুলিশ সদস্যরা ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অভিযান শুরু করেন।
পুরো অভিযান ডিএমপি কমিশনারসহ পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা মনিটরিং করেন।
স্থানীয়রা জানায়, এলাকাগুলোতে তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী এ এলাকায় মেস ভাড়া করে থাকেন। সাম্প্রতিক সময়ে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের ধরতে এ অভিযান চালানো হচ্ছে বলে ধারণা করছেন তারা।
এদিকে অভিযানের কারণে শিক্ষার্থী ও আবাসিক এলাকাগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, অভিযানের পূর্বে এই এলাকা রেকি করেছে পুলিশ। বিশেষ করে ছাত্রদের আবাসস্থলগুলোকে অভিযানের জন্য চিহ্নিত করা হয়েছে।
অভিযান শেষে সাংবাদিকদের ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান। যে সব এলাকায় দুষ্কৃতিকারী থাকতে পারে কিংবা থাকার শঙ্কা রয়েছে সেসব এলাকায় এমন অভিযান অব্যাহত থাকবে। তবে নিরাপদ সড়কের দাবিতে চলা আন্দোলনের সাথে এই অভিযানের কোনো সর্ম্পক নেই বলে জানান তিনি।