গাঁজা আনতে অস্বীকৃতি জানায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের এক আবাসিক শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে একই হলের আরেক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে।
অভিযুক্ত তৌফিক আহমেদ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৪৩তম ব্যাচের ৪র্থ বর্ষের ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক শিক্ষার্থী।
জানা যায়, সোমবার বিকেলে অভিযুক্ত তৌফিক রবীন্দ্রনাথ ঠাকুর হলের এক জুনিয়র কর্মীকে ক্যাম্পাসের পার্শ্ববর্তী কলমা এলাকা থেকে গাঁজা নিয়ে আসতে বলেন। সে গাঁজা আনতে অস্বীকৃতি জানায়। পরে তৌফিক তার কাছ থেকে মোটর সাইকেল চাইলে সে দিতে অস্বীকৃতি জানায়।
এ ঘটনার জের ধরে সোমবার রাত সাড়ে ১১টার দিকে সেই জুনিয়র কর্মীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে হল থেকে বের করে দেয় তৌফিক।
অভিযোগকারী ছাত্রলীগ কর্মী বলে, ‘এর আগেও সে আমাকে সহ আরো কয়েকজন জুনিয়র কর্মীকে হল থেকে বের করে দিয়েছে। পরবর্তীতে বড় ভাইদের মাধ্যমে আমরা আবার হলে উঠি।’
ব্যক্তিগত মতের মিল না হলেই তৌফিক জুনিয়র কর্মীদের হল থেকে বের করে দেয়, বলে অভিযোগকারী।
এ ব্যাপারে অভিযুক্ত তৌফিক আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সে এই হলের আবাসিক ছাত্র না হওয়ায় তাকে হল থেকে বের হয়ে যেতে বলা হয়েছে। তার সাথে আমার ব্যক্তিগত কোন ঝামেলার কারণে হল থেকে বের করে দেয়া হয়নি।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ সভাপতি জুয়েল রানা বলেন, ‘এরকম কোন ঘটনা এখনো জানতে পারিনি। খোঁজ খবর নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।’
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফী বলেন, ‘এ ধরনের কোন ঘটনা এখনো জানতে পারিনি। আমি এ ব্যাপারে খোঁজ নিবো।’