বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের জের
বিমানবন্দর সড়কে যানচলাচল শুরু
বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদের জেরে ৫ ঘন্টা যাবত রাজধানীর বিমানবন্দর সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সোমবার সকাল ১১টা থেকে এসব রাস্তায় অবস্থান নিয়েছিল তারা। পরে ৫ ঘন্টা পর শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ ও র্যাব।
এ কারণে বনানী থেকে উত্তরা, উত্তরা থেকে বনানী ও কালশি হয়ে উত্তরা যাওয়ার সড়কগুলো অচল হয়ে পড়েছে। এসব রাস্তার উভয় প্রান্তে তৈরি হয়েছে যানজট।
জানা যায়, বিকাল ৩টা ৪৫ মিনিটের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় শিক্ষার্থীরা ইট-পাটকেল মারতে মারতে শেওড়ার দিকে সরে যায়। এরপর বিকাল ৪টা ১২ মিনিটে যানচলাচল শুরু হয়
সোমবার সকাল ১১টা থেকে বিমানবন্দর সড়ক (হোটেল র্যাডিসনের সামনে) অবরোধ করে রাখে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
অবরোধের কারণে হজযাত্রীরা আটকা পড়েছে জানিয়ে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিল পুলিশ ও রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষকরা। পরে কয়েকজন হজযাত্রীকে বহনকারী গাড়ি ও মোটরসাইকেল ছেড়েছে শিক্ষার্থীরা।
রমিজ উদ্দিন ক্যান্টনমেন্টের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে আশেপাশের কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থীরাও সড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছে। এগুলো হলো ভাষানটেক সরকারি কলেজ, গুলশান কমার্স কলেজ, গুলশার ডিগ্রি কলেজ, মাইলস্টোন কলেজ, বিএফ শাহীন কুর্মিটোলা, আদমজী ক্যান্টনমেন্ট, ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, বনানী বিদ্যানিকেতন কলেজ।
অবরোধে ৯ দফা দাবি জানিয়েছে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এর মধ্যে রয়েছে— নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খানের ক্ষমাপ্রার্থনা, বাসচালকদের গ্রেফতার, লাইসেন্সবিহীন চালকদের গাড়ি চালানো বন্ধ ইত্যাদি। এসব দাবি বাস্তবায়নে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দিয়েছে তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, অবরোধ কর্মসূচি থেকে পাঁচজনকে পুলিশ আটক করেছে। তবে গুলশান বিভাগের ডিসি মোশতাক আহমেদের দাবি, কাউকে আটক করা হয়নি।
এদিকে, সোমবার সকাল সাড়ে ১১টায় এ ঘটনার পরিপ্রেক্ষিতে সায়েন্স ল্যাবরেটরির সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
রবিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে বাসচাপায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। দুপুর সাড়ে ১২টায় বিমানবন্দর সড়কের বাঁ-পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিয়া আক্তার মীম ও আব্দুল করিম। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। পথচারীরা সঙ্গে সঙ্গে আহতদের নিকটস্থ কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠে কলেজের শিক্ষার্থীরা। তারা জাবালে নূর পরিবহনের ওই বাসে আগুন ধরিয়ে দেয় ও শতাধিকের বেশি বাস ভাঙচুর করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।