দিনের প্রথম ওভারেই ধানাঞ্জায়া ডি সিলভাকে ফিরিয়ে দেন সাকিব খান। এরপর কুসাল মেন্ডিসকেও বিদায় করে টেস্ট অভিষেকেই রেকর্ড গড়েন পাকিস্তানের এই পেসার।
শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে ১৩০ রান দিয়ে ৭ উইকেট নেন সাকিব। তার দুর্দান্ত বোলিংয়ে ৪২ রানে শেষ ৬ উইকেট হারিয়ে চতুর্থ দিনের প্রথম সেশনেই ৪৪৬ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। লিড পায় মাত্র ১২ রানের।
পাকিস্তানের হয়ে টেস্ট অভিষেকে ৭ উইকেট নেওয়া চতুর্থ বোলার সাকিব। দেশটির দ্বিতীয় পেসার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।
এর আগে, ১৯৬৯ সালে করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন মোহাম্মাদ নাজির। ১৯৯৬ সালে রাওয়ালপিন্ডিতে একই প্রতিপক্ষের বিপক্ষে ৬৬ রানে ৭ উইকেট নিয়ে অভিষেকে পাকিস্তানের সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন মোহাম্মাদ জাহিদ। সবশেষ ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১১৪ রানে ৭ উইকেট নেন আবরার আহমেদ।
তৃতীয় দিন দিনেশ চান্দিমাল ও লাহিরু উদারাকে ফিরিয়ে উইকেটের খাতা খোলেন ৩১ বছর বয়সী সাকিব।
চতুর্থ দিনের পঞ্চম বলেই ২৪৯ রানের জুটি ভাঙেন তিনি। ১৬৭ রানে অপরাজিত থাকা ধানাঞ্জায়া আর রান যোগ করতে পারেননি। পরে ১১৯ রানে থাকা মেন্ডিসকেও ফেরান সাকিব।
এরপর সোনাল দিনুশা, লাহিরু কুমারা ও আসিথা ফার্নান্দোকে ফিরিয়ে ৭ উইকেট পূর্ণ করেন তিনি।