বাংলাদেশ জাতীয় দলের ব্যাটার তানজিদ হাসান তামিম © সংগৃহীত
বাংলাদেশ জাতীয় দলের ব্যাটারদের মধ্যে বর্তমানে দারুণ ছন্দে রয়েছেন তানজিদ হাসান তামিম। তিন ফরম্যাটেই ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সে নজর কাড়ছেন বাঁ-হাতি এই ওপেনার। তার দুর্দান্ত ফর্মের প্রতিফলন দেখা গেছে নিলামেও। তাকে দলে ভেড়াতে হয়েছে তুমুল প্রতিযোগিতা। শেষ পর্যন্ত রেকর্ড ২ কোটি পয়েন্টে তানজিদকে দলে নিয়েছে ফরচুন।
এর আগে ডি থ্রি টুর্নামেন্টের প্রথম আসরের নিলামে ১ কোটি ৫০ লাখ পয়েন্টে দল পেয়েছেন শেখ মেহেদী হাসান। তাকে দলে নিতে একমি, ফরচুন, এইস ব্লুস্টার ও সিটিজেন ব্যাংকের মধ্যে লড়াই হয়। শেষ পর্যন্ত সর্বোচ্চ দর হাঁকিয়ে মেহেদীকে দলে নেয় এইস ব্লুস্টার।
এদিকে হাসান মাহমুদ ও ওপেনার সাইফ হাসানকেও নিয়েও কাড়াকাড়ি হয় নিলামে। যেখানে সাইফকে ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে সেভেন রিংস সিমেন্ট এবং একই পরিমাণ পয়েন্টে হাসানকে দলে নেয় এইস ব্লু স্টার।
এছাড়া ৭৫ লাখ পয়েন্টে ফরচুন কিনে নিয়েছে সৌম্য সরকারকেও। ৮০ লাখ পয়েন্টে তাইজুল ইসলামকে কিনেছে সেভেন রিংস সিমেন্ট। ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে নাজমুল হোসেন শান্তকে দলে নিয়েছে ফরচুন।
আরও খবর: রেকর্ড দেড় কোটি পয়েন্টে দল পেলেন শেখ মেহেদী
এবারের নিলামে মোট ২৮১ জন ক্রিকেটারের নাম থাকলেও নিলামে তোলা হচ্ছে ২৭৫ জনকে। বাকি ছয়জন আইকন ক্রিকেটার হিসেবে আগেই দল পেয়েছেন। তাদের মধ্যে নুরুল হাসান সোহান ব্লুস্টারে, তাওহীদ হৃদয় ফরচুনে, মোসাদ্দেক হোসেন সৈকত একমিতে, মোহাম্মদ নাঈম শেখ সিটিজেন ব্যাংকে, মুশফিকুর রহিম সেভেন রিংস সিমেন্টে এবং মেহেদী হাসান মিরাজ ওয়ালটনে খেলবেন।
নিলামে থাকা ২৭৫ ক্রিকেটারের মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন ১৭ জন, ‘বি’ ক্যাটাগরিতে ২৪ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৭০ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ৫২ জন এবং ‘ই’ ক্যাটাগরিতে রয়েছেন ১১২ জন ক্রিকেটার।