রেকর্ড দামে দল পেয়েছেন ডানহাতি স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান © সংগৃহীত
ডি থ্রি টুর্নামেন্টের প্রথম আসরের নিলামে রেকর্ড ১ কোটি ৫০ লাখ টাকায় দল পেয়েছেন ডানহাতি স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। তাকে দলে নিতে শেষ পর্যন্ত লড়াই করে জিতে নেয় এইস ব্লুস্টার।
নিলামের শুরুতেই প্রথম ক্রিকেটার হিসেবে তোলা হয় শেখ মেহেদীর নাম। তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখায় একমি ও ফরচুন। পরে এই লড়াইয়ে যোগ দেয় এইস ব্লুস্টার ও সিটিজেন ব্যাংক।
চার দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে ১ কোটি ৫০ লাখ টাকায় মেহেদীকে দলে নেয় এইস ব্লুস্টার। এবারের নিলামে মোট ২৮১ জন ক্রিকেটারের নাম থাকলেও নিলামে তোলা হচ্ছে ২৭৫ জনকে। বাকি ছয়জন আইকন ক্রিকেটার হিসেবে আগেই দল পেয়েছেন।
আরও পড়ুন: বিগ ব্যাশ ধোঁয়াশা কাটিয়ে দল পেলেন রিশাদ
আইকন ক্রিকেটারদের মধ্যে নুরুল হাসান সোহান খেলবেন ব্লুস্টারে, তাওহীদ হৃদয় ফরচুনে, মোসাদ্দেক হোসেন সৈকত একমিতে, মোহাম্মদ নাঈম শেখ সিটিজেন ব্যাংকে, মুশফিকুর রহিম সেভেন রিংস সিমেন্টে এবং মেহেদী হাসান মিরাজ ওয়ালটনের হয়ে মাঠে নামবেন।
নিলামে অংশ নেওয়া ২৭৫ ক্রিকেটারকে ভাগ করা হয়েছে পাঁচটি ক্যাটাগরিতে। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন ১৭ জন, ‘বি’ ক্যাটাগরিতে ২৪ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৭০ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ৫২ জন এবং ‘ই’ ক্যাটাগরিতে রয়েছেন ১১২ জন ক্রিকেটার।