বাংলাদেশের তরুণ ক্রিকেটার মেহেদী হাসান হৃদয় © সংগৃহীত
ক্যানসারের কাছে হার মানলেন বাংলাদেশের তরুণ ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়। ক্রিকেটের মাঠে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন থাকলেও মরণব্যাধি ক্যানসার থামিয়ে দিল তার পথচলা। জীবন বাঁচানোর আশায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী ঢাকায় নেওয়া হচ্ছিল। তবে গন্তব্যে আর পৌঁছানো হলো না চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের এই ক্রিকেটারের।
শনিবার (২৪ অক্টোবর) অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথেই মারা যান তিনি। তার মৃত্যুতে শোক নেমে এসেছে পরিবার, স্বজন ও দেশের ক্রিকেটাঙ্গনে।
হৃদয় অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়ায় (এএমএল) আক্রান্ত ছিলেন। এটি রক্ত ও অস্থিমজ্জার এক ধরনের ক্যানসার। এই রোগের চিকিৎসার জন্য এর আগে তার পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রীড়া মন্ত্রণালয়। চিকিৎসার ব্যয় মেটাতে দুই প্রতিষ্ঠান থেকেই আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল।
গত ২ জুলাই বিসিবির কার্যালয়ে হৃদয়ের বাবার হাতে চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিসিবিও তার চিকিৎসার জন্য একই পরিমাণ অর্থ সহায়তা দিয়েছিল। দুই প্রতিষ্ঠানের এই সহায়তা নিয়ে উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ওঠার আশা দেখছিলেন হৃদয় ও তার পরিবার।
চট্টগ্রাম বিভাগের বয়সভিত্তিক ক্রিকেটে সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে পরিচিতি পেয়েছিলেন হৃদয়। বয়সভিত্তিক ক্রিকেটের এই পর্যায় থেকেই নিজের সামর্থ্য প্রমাণ করে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল তার সামনে। ক্রিকেটের মাঠে নিজেকে প্রতিষ্ঠিত করে দেশের ক্রিকেটে অবদান রাখার স্বপ্ন ছিল তরুণ এই খেলোয়াড়ের। কিন্তু ক্যানসারের সঙ্গে লড়াইয়ে শেষ পর্যন্ত আর ফিরতে পারলেন না তিনি।
হৃদয়ের মৃত্যুতে শোকাহত তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। সম্ভাবনাময় এই ক্রিকেটারের অকালপ্রয়াণে দেশের ক্রিকেটাঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে।