আইএলটি-টোয়েন্টির অধিনায়করা © সংগৃহীত
গত আসরের ফাইনালের পুনরাবৃত্তি দিয়ে শুরু হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-২০) পঞ্চম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ডেজার্ট ভাইপার্স ও গত আসরের রানার্সআপ এমআই এমিরেটস। আগামী ২১ নভেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
রাতের ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। সেই হিসেবে টুর্নামেন্টের প্রথম ম্যাচও একই সময়ে মাঠে গড়াবে। গত আসরের ফাইনালেও মুখোমুখি হয়েছিল ডেজার্ট ভাইপার্স ও এমআই এমিরেটস। সেবার এমআই এমিরেটসকে হারিয়ে শিরোপা জিতেছিল ডেজার্ট ভাইপার্স।
২১ নভেম্বরই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় বেলা ২টায় মুখোমুখি হবে শারজাহ ওয়ারিয়র্স ও গালফ জায়ান্টস।
পরদিন ‘সুপার সানডে’র ডাবল হেডারে মাঠে নামবে আরও চার দল। দিনের দ্বিতীয় ম্যাচে নিজেদের মাঠ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে অভিযান শুরু করবে দুবাই ক্যাপিটালস।
আবুধাবিতে এবারের আসরের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর। জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সেদিন এমআই এমিরেটসের মুখোমুখি হবে আবুধাবি নাইট রাইডার্স।
এবারের আইএলটি-২০তে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল হবে ২০ ডিসেম্বর, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।