সারোয়ার ইমরান © সংগৃহীত
এশিয়ান গেমস চলাকালীন নেতিবাচক মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছিলেন বাংলাদেশ নারী দলের প্রধান কোচ সারোয়ার ইমরান। কোচের এমন মন্তব্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও প্রশ্ন তোলা হয়েছিল। কোচের এমন উগ্র মেজাজে দলের ক্রিকেটারদের ভেতরে নেতিবাচক প্রভাব ফেলেছে বলেও মনে করেন নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু।
এশিয়ান গেমসের ব্যর্থতার পর মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল ও নারী উইংয়ের কর্মকর্তারা। এই বৈঠকে আসন্ন অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি ও শৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে। এমনকি কোচের এমন নেতিবাচক মন্তব্য নিয়েও খোলামেলা আলোচনা হয়েছে।
বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন রফিকুল ইসলাম বাবু।
কোচ ইমরানের এমন মন্তব্যকে বেফাঁস ও আচরণবিধি লঙ্ঘন দাবিতে বাবু বলেন, 'আমাদের কোচ কিছু বেফাঁস কথা বলেছেন, যেটা কারো কাম্য ছিল না। আমার মনে হয়, আচরণবিধির বাইরে গিয়ে উনি কথাগুলো বলেছেন। যেহেতু সে বিসিবির চুক্তিভিত্তিক জায়গায় আছে, তো সেখানে সে এরকম কথা আসলে বলতে পারে না। এটা বলে ফেলেছে, এটা খুবই দুর্ভাগ্যজনক।'
এই ধরনের মন্তব্য করা সমীচীন হয়নি জানিয়ে বাবু বলেন, 'তিনি (সারোয়ার ইমরান) বিসিবির চুক্তিবদ্ধ কোচ। সেখানে তিনি এ ধরনের কথা বলতে পারেন না। এটা বলে ফেলেছেন, যা খুবই দুঃখজনক। আমাদের দেখতে হবে দল কীভাবে আরও ভালো খেলবে, কোথায় আমাদের ঘাটতি আছে।'
বাবু যোগ করেন, 'কারো কাছ থেকেই কিন্তু বাজে ব্যবহার বা ওই (আচরণ) রকম আশা করি না। উনি (সারোয়ার ইমরান) হয়তো একটু বেশি উগ্র মেজাজী। মানে ব্যবহারের ক্ষেত্রে আমি বলব যে ঠিক করেননি। সেই কারণে মেয়েরা কিন্তু একটু ডিমোরালাইজ থাকত।'