শচীনের চেয়েও প্রতিভাবান ছিলেন, সেই ক্রিকেটার এখন বৃদ্ধাশ্রমে

২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ AM
 শচীন ও কাম্বলি

শচীন ও কাম্বলি © সংগৃহীত

শচীন টেন্ডুলকারের চেয়েও প্রতিভাবান ক্রিকেটার হিসেবে একসময় পরিচিত ছিলেন বিনোদ কাম্বলি। অথচ ভারতের সাবেক এই ক্রিকেটারের বর্তমান ঠিকানা একটি বৃদ্ধাশ্রম। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওবার্তা থেকে জানা গেছে, ৫৪ বছর বয়সী কাম্বলি এখন একটি বৃদ্ধাশ্রমে থাকছেন।

ভিডিওতে কাম্বলি ওই বৃদ্ধাশ্রমের পরিবেশ, সুযোগ-সুবিধা ও পরিচ্ছন্নতার প্রশংসা করেন। সেখানে তাকে কিছুটা অস্পষ্টভাবে কথা বলতে দেখা যায়। তবে নিজের থাকার জায়গা সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, এই কেন্দ্রে থেকে তার নিজের বাড়ির মতোই অনুভূত হচ্ছে।

শচীন টেন্ডুলকার ও বিনোদ কাম্বলি একই স্কুলে পড়েছেন এবং একই সঙ্গে বেড়ে উঠেছেন। স্কুলজীবনে কে বেশি ভালো ক্রিকেটার—এমন প্রশ্নের উত্তরে অনেকেই শচীনের বদলে কাম্বলির নাম বলতেন। এমনকি ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবও একসময় কাম্বলিকে শচীনের চেয়ে বেশি প্রতিভাবান বলে মন্তব্য করেছিলেন।

শচীন পরে তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন হয়ে ওঠেন। অন্যদিকে কাম্বলির ক্রিকেট ক্যারিয়ার প্রত্যাশা অনুযায়ী এগোয়নি। তার ঝরে পড়ার খবরও বহু আগেই আলোচনায় এসেছে। তবে এবার বৃদ্ধাশ্রমে থাকার খবর সামনে আসায় আবারও আলোচনায় এসেছেন তিনি।

সম্প্রতি কাম্বলির নানা স্বাস্থ্য সমস্যা নিয়ে খবর প্রকাশিত হয়েছে। তার বন্ধু ও সাবেক ফার্স্ট ক্লাস আম্পায়ার মার্কাস কৌতো দাবি করেন, মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে সাবেক এই ব্যাটসম্যানের স্মৃতিশক্তিতে সমস্যা হচ্ছে।

২০২৪ সালের ডিসেম্বরে গুরুতর মূত্রনালির সংক্রমণের কারণে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কাম্বলি। এ বছরের শুরুর দিকে টাইমস অব ইন্ডিয়াকে কৌতো বলেন, ‘প্রায় ১৮ মাস আগে থানেতে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই কাম্বলির মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে। তার স্মৃতিশক্তি ভালো না। সে জিনিস মনে রাখে, তারপর আবার ভুলে যায়। এটা সবই ওই জমাট বাঁধা রক্তের কারণে।’

তিনি আরও বলেন, ‘কাম্বলি মদ্যপান ছেড়ে দিয়েছে, তবে মাঝে মাঝে ধূমপান করে। তার জন্য ধূমপান পুরোপুরি নিষেধ। কারণ এতে মস্তিষ্কে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। এই তথ্য জানিয়েছেন খ্যাতনামা নিউরোসার্জন ডা. আদিল চাগলা, যিনি কাম্বলির চিকিৎসা তদারকি করছেন।’

তবে কাম্বলির স্ত্রী আন্দ্রেয়া হিউইট এসব দাবিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। ইন্ডিয়া টুডেকে হিউইট বলেন, ‘ঈশ্বরের কৃপায় বিনোদ ভালো আছে। কে তার স্বাস্থ্য নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে, আমি জানি না।’

কাম্বলি একজন অত্যন্ত প্রতিভাবান ব্যাটসম্যান ছিলেন। বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স দেখে আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনেক আশা জেগেছিল। তবে দুর্দান্ত শুরুর পরও তার ভারতীয় ক্যারিয়ার প্রত্যাশা অনুযায়ী এগোয়নি।

ভারতের হয়ে কাম্বলি মাত্র ১৭টি টেস্ট ও ১০৪টি ওয়ানডে খেলার সুযোগ পান। একসময় যাকে শচীনের চেয়েও বেশি প্রতিভাবান বলা হতো, সেই ক্রিকেটারের ক্যারিয়ার শেষ পর্যন্ত প্রত্যাশার জায়গায় পৌঁছাতে পারেনি।

এইচএসসিতে বোর্ডসেরা, জবিতে সেরা বিভাগে—১৮তম বিজেএসে জজ হলেন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ফিটনেসবিহীন গাড়ি যত ভালো ড্রাইভারই চালান, দিনশেষে খাদে পড়…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৫ ছাত্রী, ৩ জনের অ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
রাবির হলে ঘুমন্ত ছাত্রকে বিষধর সাপের ছোবল
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
শচীনের চেয়েও প্রতিভাবান ছিলেন, সেই ক্রিকেটার এখন বৃদ্ধাশ্রমে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৭০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, খেলছেন নাতনির সঙ্গে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬