প্রথমবার অংশ নিয়েই ড্রোন প্রতিযোগিতায় বিশ্বে চতুর্থ ইউআইইউ, ইতিহাস গড়ল বাংলাদেশ

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ PM
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এরিয়াল রোবোটিক্স টিম

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এরিয়াল রোবোটিক্স টিম © সৌজন্য প্রাপ্ত

আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় প্রথমবার অংশ নিয়েই বিশ্বে চতুর্থ স্থান অর্জন করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এরিয়াল রোবোটিক্স টিম (ইউএআরটি)। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস (এসইউএএস) ২০২৬ প্রতিযোগিতায় এ সাফল্য পেয়েছে দলটি। প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথমবার কোনো বাংলাদেশি দল পডিয়ামে স্থান করে নিল।

গত ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের টালসায় অবস্থিত স্কাইওয়ে রেঞ্জে এসইউএএস ২০২৬-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। চার দিনব্যাপী এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের দল অংশ নেয়।

প্রতিযোগিতার প্রাথমিক পর্বে বিশ্বের বিভিন্ন দেশের ৮১টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ৬৭টি দল চূড়ান্ত পর্বের ফ্লাইং প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। পরে ৬৪টি দল ফ্লাইট রেডিনেস অনুমোদন পায় এবং শেষ পর্যন্ত ৫৮টি দল ফ্লাইট পরিচালনা করে।

প্রতিযোগিতার সময় প্রতিকূল আবহাওয়া, উচ্চ বাতাসের গতি ও তাপমাত্রার কারণে দলগুলোকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। এসব পরিস্থিতিতে ফ্লাইট পরিচালনাকারী ২১টি দল ক্র্যাশের শিকার হয়। তবে কৌশলগত পরিবর্তন ও প্রযুক্তিগত সমন্বয়ের মাধ্যমে ইউআইইউর ইউএআরটি সফলভাবে নিজেদের মিশন সম্পন্ন করে চতুর্থ স্থান অর্জন করে।

এ প্রতিযোগিতায় কর্নেল ইউনিভার্সিটি, মোনাশ ইউনিভার্সিটি, দ্য ওহাইও স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ও ওয়ারশ ইউনিভার্সিটি অব টেকনোলজির মতো প্রতিষ্ঠান অংশ নেয়। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ইউআইইউর দলটি এ সাফল্য অর্জন করে।

প্রতিযোগিতায় ইউএআরটি সেফটি ইন্সপেকশন ও র‌্যাপিড রেসপন্সে পূর্ণ নম্বর অর্জন করে। পাশাপাশি, প্রতিযোগিতায় একমাত্র দল হিসেবে স্বয়ংক্রিয়ভাবে মিশন সম্পন্ন করার কৃতিত্ব অর্জন করেছে তারা।

দলটির তৈরি স্বয়ংক্রিয় আনম্যানড এরিয়াল ভেহিকেলে স্বয়ংক্রিয় নেভিগেশন, আকাশপথের মানচিত্র তৈরি, বস্তুর শনাক্তকরণ, পে-লোড সরবরাহ, বাধা শনাক্ত ও এড়িয়ে চলা এবং বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। দীর্ঘদিনের গবেষণা, নকশা প্রণয়ন, প্রকৌশল উন্নয়ন, নির্মাণ ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এসব প্রযুক্তি উন্নয়ন করেছে দলটি।

২০০৩ সাল থেকে এসইউএএস প্রতিযোগিতাটি নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। এটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষার্থীভিত্তিক আনম্যানড এরিয়াল সিস্টেমস প্রতিযোগিতা হিসেবে পরিচিত। এবারের আসরে বাংলাদেশের কোনো দলের প্রথমবার পডিয়ামে স্থান পাওয়ায় ইউআইইউর এ অর্জন দেশের ড্রোন, রোবোটিক্স ও স্বয়ংক্রিয় প্রযুক্তি গবেষণায় নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

মিরসরাইয়ে বিধবার ঘরে আগুন, পুড়ে ছাই শেষ আশ্রয়
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতীমের মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বহিঃপ্রকাশ: গ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জঙ্গলে নিথর অপ্রীতমের লাশের সঙ্গে যে নির্মমতা ঘটে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে ৩৪ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আইপিইস্পিয়ার সিজন-…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জঙ্গি কার্যক্রম সন্দেহে গ্রেপ্তার ১২ জন ৩ দিনের রিমান্ডে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘আমি লজ্জিত ও দুঃখিত’, অপ্রতিম হত্যায় এমপি মনিরুল হক চৌধুরী
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬