সড়ক পার হচ্ছেন শ্রমিকরা © সংগৃহীত
বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার এপেক্স ফুটওয়্যার লিমিটেড কারখানার ভেতরে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ রবিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের শ্রমিকরা যথারীতি কাজে যোগ দিতে কারখানায় প্রবেশ করেন। পরে তারা কাজ বন্ধ রেখে বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে কারখানার ভেতরেই বিক্ষোভ শুরু করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। ছুটি ঘোষণার পর শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানা ত্যাগ করে নিজ নিজ বাসায় ফিরে যান।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, বেতন বৃদ্ধির দাবিতে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের শ্রমিকরা আন্দোলন করেছেন। পরে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারখানা এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
বিবৃতিতে যা বলল এপেক্স ফুটওয়্যার লিমিটেড
বিক্ষোভের পর এক বিবৃতিতে বলা হয়, এপেক্স ফুটওয়্যার লিমিটেড পারস্পরিক আস্থা, সম্মান ও সহযোগিতার ভিত্তিতে একটি সুস্থ, ইতিবাচক ও দীর্ঘমেয়াদি শিল্পসম্পর্কবজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের কর্মীরাই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা ও সাফল্যের অন্যতম প্রধান শক্তি। তাঁদের কল্যাণ, নিরাপত্তা, মর্যাদা ও কর্মপরিবেশের ধারাবাহিক উন্নয়নকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি।
‘‘আমরা বিশ্বাস করি, একটি প্রতিষ্ঠানের টেকসই অগ্রগতির জন্য কর্মী ও ব্যবস্থাপনার মধ্যে পারস্পরিক আস্থা, উন্মুক্ত যোগাযোগ ও গঠনমূলক সহযোগিতা অপরিহার্য। এই লক্ষ্যেই আমরা কর্মীদের সঙ্গে নিয়মিত আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে তাঁদের মতামতকে গুরুত্ব দিয়ে একসঙ্গে কাজ করে যাচ্ছি।’’
বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতেও পারস্পরিক বোঝাপড়া ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ, সৌহার্দ্যপূর্ণ ও উৎপাদনশীল কর্মপরিবেশ গড়ে তোলা এবং দায়িত্বশীল শিল্পসম্পর্ককে আরও সুদৃঢ় করাই আমাদের অঙ্গীকার।