কর্মী জানাজায় অংশ নিয়ে বেতন চালু রাখার ঘোষণা দেন কোম্পানির প্রতিনিধি © সংগৃহীত
মেডিকেল রিপ্রেজেনটেটিভ হিসেবে চাকরিতে যোগ দেওয়ার মাত্র দুই বছরের মাথায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক কর্মী। তবে তার মৃত্যুর পরও আগামী ২৯ বছর পরিবারকে নিয়মিত বেতন দেওয়ার ঘোষণা দিয়েছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটা ফার্মাসিউটিক্যালস। পাশাপাশি বেতন বাড়লে তার পরিবারের বেতনও বাড়বে এবং তারা ইনক্রিমেন্ট ও বোনাসও পাবেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের অধ্যাপক ডা. সাকলায়েন রাসেল।
ফেসবুক পোস্টে ডা. সাকলায়েন ওই কর্মীর মৃত্যুর ঘটনা এবং তার পরিবারের পাশে দাঁড়াতে রেনাটা ফার্মাসিউটিক্যালসের নেওয়া উদ্যোগের কথা তুলে ধরেন।
তিনি লেখেন, ‘খাটিয়ায় শেষ যাত্রায় শুয়ে থাকা এই মানুষটা...মেডিকেল রিপ্রেজেনটেটিভ হিসেবে মাত্র ২ বছর রেনাটা ফার্মাসিউটিক্যালসে কাজ করেছেন...এর মাঝেই মোটরসাইকেল এক্সিডেন্টে অকাল মৃত্যু হল...
জানাজার সময় রেনাটা থেকে প্রতিনিধি এলেন...হাতে মাইক নিয়ে ঘোষণা দিলেন...
ওনার চাকরির মেয়াদ আরো ছিল ২৯ বছর বাকী ছিল...দেহ চলে গেলেও অফিসিয়ালি তিনি রেনাটার সংগেই থাকবেন...তাই আগামী ২৯ বছরই তার পরিবার বেতন পাবে...বেতন বাড়লে তারটাও বাড়বে...ইনক্রিমেন্ট পাবেন...পাবেন বোনাসও!
করপোরেট কালচারের কি বিরল এক দৃষ্টান্ত!’
ডা. সাকলায়েন রাসেলের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। চাকরির মাত্র দুই বছরের মাথায় কর্মীকে হারানোর পরও তার পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির এমন উদ্যোগকে করপোরেট সংস্কৃতির বিরল দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকে।