জুয়ার টাকার নেশায় মাকে ‘মৃত’ দেখিয়ে শিশুকন্যাকে বিক্রি বাবার

২৯ অক্টোবর ২০২৬, ০৬:০৬ PM
খালেদা বেগমের কোলে আদিবা

খালেদা বেগমের কোলে আদিবা © সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়ার টাকার নেশায় মাকে মৃত দেখিয়ে এফিডেভিট করে ১৪ মাস বয়সী কন্যাশিশুকে ৪০ হাজার টাকায় বিক্রি করেছেন এক বাবা। শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে সাদুল্লাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে মায়ের হাতে তুলে দিয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ওসি একেএম হাবিবুল ইসলাম।

জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার চরিতাবাড়ী এলাকার খালেদা বেগম ও আজাহার আলী দম্পতির সন্তান আদিবা (১৪ মাস)। চার মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর জীবিকার তাগিদে মেয়েকে খালার জিম্মায় রেখে ঢাকায় পোশাক শ্রমিকের কাজ করতে যান খালেদা বেগম। শিশুটির বাবা আজাহার আলী জুয়া ও মাদকে আসক্ত ছিলেন। মায়ের অনুপস্থিতির সুযোগে গত ১ অক্টোবর খালার কাছ থেকে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে আদিবাকে নিয়ে যান তিনি। কয়েক দিনেও শিশুটিকে ফেরত না দেওয়ায় সন্দেহ বাড়ে পরিবারের।

পরে শিশুটির মা ও খালার পরিবার জানতে পারেন, নোটারি পাবলিকে খালেদা বেগমকে মিথ্যাভাবে মৃত দেখিয়ে এফিডেভিট করেছেন আজাহার আলী। এরপর সাদুল্লাপুর উপজেলার পূর্ব খামার দশলিয়া গ্রামের রুহুল আমীনের পরিবারের কাছে ৪০ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করে দেন তিনি। বিষয়টি জানাজানি হলে শিশুটির মা খালেদা বেগম শিশুটিকে উদ্ধার ও আইনগত সহায়তা চেয়ে ২৭ অক্টোবর সুন্দরগঞ্জ থানায় অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে সাদুল্লাপুর থানা পুলিশ উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের খামার দশলিয়া গ্রামে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। বুধবার সন্ধ্যায় সাদুল্লাপুর থানা পুলিশ শিশুটিকে সুন্দরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। দিনভর বিক্রির সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালানো হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম হাবিবুল ইসলাম জানান, শিশুটির বাবা মাদক ও জুয়ায় আসক্ত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জুয়া ও মাদকের টাকা জোগাতে শিশুটিকে ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল। শিশুটিকে উদ্ধারের পর তার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বর্ণিল আয়োজনে আইএসইউতে ‘ফল-২০২৬’ সেমিস্টারের নবীনবরণ
  • ২৯ অক্টোবর ২০২৬
বাংলাদেশ-চীনের হুবেই প্রদেশের মধ্যে শিক্ষার্থী বিনিময়, শিক্…
  • ২৯ অক্টোবর ২০২৬
টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৯ অক্টোবর ২০২৬
একই সফটওয়্যারে তিন অধিদপ্তরের অধীন কর্মরত শিক্ষকদের বদলির ফ…
  • ২৯ অক্টোবর ২০২৬
ছাত্র আহত হওয়ার পর মহাসড়ক অবরোধ, ফুটওভার ব্রিজ চান তা’মীরুল…
  • ২৯ অক্টোবর ২০২৬
‎চাকরিতে আবেদনের বয়স ৪০ করার দাবিতে নারী শিক্ষার্থী সমাবেশে…
  • ২৯ অক্টোবর ২০২৬