লাকী স্টার অ্যাপারেলস লিমিটেডের সামনে শ্রমিকদের অবস্থান © সংগৃহীত
বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা চালুর দাবিতে গাজীপুরের টঙ্গীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন লাকী স্টার অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা। এতে খাঁপাড়া-তিলারগাতী আঞ্চলিক সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
সোমবার (অক্টোবর) সকালে খাঁপাড়া রোডের দশতলা এলাকায় লাকী স্টার অ্যাপারেলসের সামনে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। পরে শ্রমিকেরা কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নেন।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, কারখানাটিতে প্রায় ৯৫০ জন শ্রমিক কাজ করেন। তাদের গত সেপ্টেম্বর মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি। এর মধ্যে গত ১৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বকেয়া বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ রাখায় ক্ষুব্ধ হয়ে সোমবার সকালে শ্রমিকেরা কারখানায় এসে বিক্ষোভ শুরু করেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক বলেন, এক মাসের বেতন বকেয়া থাকায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেকে বাড়িভাড়া পরিশোধ করতে পারছেন না। নিত্যপ্রয়োজনীয় পণ্যও বাকিতে কিনতে হচ্ছে। পরিবার ও সন্তানদের নিয়ে তারা কষ্টে দিন কাটাচ্ছেন।
আরও পড়ুন: পাঠ্যবইয়ে ছবি বিতর্কের পর এনসিটিবিতে অস্থিরতা, একযোগে সরিয়ে দেওয়া হলো ৯ কর্মকর্তাকে
এ বিষয়ে জানতে লাকী স্টার অ্যাপারেলস লিমিটেডের এডমিন ম্যানেজার মো. ফজলে আজিমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালুর দাবিতে শ্রমিকেরা সকালে সড়কে অবস্থান নিয়েছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে।’