চট্টগ্রামে বিশ্ব মেরুদণ্ড দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা © টিডিসি ফটো
চট্টগ্রামে বিশ্ব মেরুদণ্ড দিবস উপলক্ষে ‘স্পাইন অ্যান্ড নিউরো কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশ’-এর উদ্যোগে চট্টগ্রামে বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) নগরের সাউদার্ন লাইটস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে মেরুদণ্ডের সুস্থতা রক্ষা, সঠিক শারীরিক ভঙ্গি বজায় রাখা এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহেদুল করিম কচি। স্পাইন অ্যান্ড নিউরো কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশের আহ্বায়ক ডা. মাহফুজুল কাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চট্টগ্রাম রয়েলসের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, রোটারিয়ান আবছার উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আবু নাসের, প্রকৌশলী হুমায়ুন কবির, আহমেদ মুনির, গোলাম মোস্তফা ইকবাল এবং বিশিষ্ট চিকিৎসক ডা. সুমন করসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনন্দিন জীবনে দীর্ঘ সময় ভুল ভঙ্গিতে বসে থাকা, অনিয়ন্ত্রিত জীবনযাপন ও শারীরিক পরিশ্রমের অভাব মেরুদণ্ডের বিভিন্ন সমস্যার ঝুঁকি বাড়াতে পারে। তাই কাজের সময় সঠিক শারীরিক ভঙ্গি বজায় রাখা, নিয়মিত ব্যায়াম করা এবং মেরুদণ্ডের যত্ন নেওয়ার বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।
প্রধান অতিথির বক্তব্যে জাহেদুল করিম কচি এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগের প্রশংসা করেন। তিনি সুস্থ সমাজ গঠনে মেরুদণ্ডের রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে বিশ্ব মেরুদণ্ড দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে বিভিন্ন ক্লাবের রোটারিয়ান ও রোটার্যাক্ট সদস্য, চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় সুধীজন অংশ নেন। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তাঁরা মেরুদণ্ডের সুস্থতা রক্ষা ও এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরেন।