মাহফুজুর হায়দার চৌধুরী রোটন © সংগৃহীত
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুর হায়দার চৌধুরী রোটনের মরদেহ ভারত থেকে দেশে আনা হচ্ছে। তার মরদেহকে কেন্দ্র করে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। বাড়ানো হয়েছে নজরদারি, সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
রবিবার (১১ অক্টোবর) সকালে কলকাতা থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে তার মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে। এ উপলক্ষে চেকপোস্ট এলাকায় নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। সীমান্তের গুরুত্বপূর্ণ এই প্রবেশপথে মরদেহ দেশে প্রবেশের সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুর হায়দার চৌধুরী রোটনের মরদেহ বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করবে। এ কারণে চেকপোস্ট এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।
জানা গেছে, গত শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহফুজুর হায়দার চৌধুরী রোটন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
মাহফুজুর হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। ২০২১ সালে তাঁকে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য মনোনীত করা হয়।