ভাগিনাকে বিক্রির অভিযোগে আটক মামা © সংগৃহীত
দিনাজপুরের পার্বতীপুরে নেশার টাকা জোগাতে সাড়ে চার মাস বয়সী ভাগিনাকে বিক্রি করার অভিযোগ উঠেছে মামা জিয়ারুল ইসলামের (২১) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিক্রি হওয়া শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে গ্রেপ্তার জিয়ারুল ইসলামকে আদালতে সোপর্দ করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ। এর আগে রবিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার চন্দ্রপুর হাফেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জিয়ারুল ইসলাম পার্বতীপুর উপজেলার চন্দ্রপুর হাফেজপাড়া এলাকার মনোয়ার ইসলামের ছেলে। উদ্ধার হওয়া চার মাস বয়সী শিশুটির নাম মাহিম ইসলাম আনাস। সে দিনাজপুর সদর উপজেলার আনন্দসাগর নেমতারা গ্রামের আল-আমিন ইসলাম ও মনিরা বেগম দম্পতির ছেলে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত ১২টার দিকে পার্বতীপুর উপজেলার চন্দ্রপুর হাফেজপাড়ায় নানার বাড়ি থেকে শিশুটিকে নিয়ে যান জিয়ারুল ইসলাম। পরে মানব পাচারকারীদের কাছে শিশুটিকে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে। শিশুটির খোঁজ না পেয়ে তার বাবা-মা থানায় অভিযোগ করেন।
অভিযোগের পর রবিবার রাতে অভিযান চালিয়ে জিয়ারুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটিকে বিক্রি করা স্থান থেকে উদ্ধার করা হয়।
ওসি আব্দুল ওয়াদুদ বলেন, শিশুটির বাবা বাদী হয়ে মানব পাচার আইনে একটি মামলা করেছেন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার জিয়ারুল ইসলামকে সোমবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।