স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ শিক্ষার্থী © সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে লহলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিনের খাবার খাওয়ার পর তাদের পেটে ব্যথা ও বমি শুরু হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে শিক্ষকদের সহায়তায় তাদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনাটি তদন্তে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। খাবারের গুণগত মান পরীক্ষা, শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার প্রকৃত কারণ অনুসন্ধান এবং দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠান চিহ্নিত করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা শেষে অসুস্থ সব শিক্ষার্থী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, ঘটনাটি খতিয়ে দেখতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। সরবরাহ করা খাবারের গুণগত মান পরীক্ষা ও শিক্ষার্থীদের অসুস্থতার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)কে আহ্বায়ক করে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নিরাপদ খাদ্য কর্মকর্তা এবং জেলা স্যানিটারি পরিদর্শক।
কমিটিকে খাবারের গুণগত মান যাচাই, শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠান চিহ্নিত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলা হয়েছে।
লহলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির খাবার সরবরাহ করে বেসরকারি এনজিও প্রতিষ্ঠান ‘গাক’। এর আগে একই প্রতিষ্ঠানের সরবরাহ করা খাবার খেয়ে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে বলেও জানা গেছে।