রাতের আঁধারে আড়াই হাজার কলার কাঁদি কেটে দিয়েছে দুর্বৃত্তরা © সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাতের আঁধারে একটি কলাবাগানের প্রায় আড়াই হাজার কলার কাঁদি কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে বাগানমালিকের অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। উপজেলার মোবারকপুর ইউনিয়নের লক্ষ্মীপুর হঠাৎপাড়া এলাকায় শনিবার(২৬ সেপ্টেম্বর) রাতে এই ঘটনাটি ঘটে। তিল তিল করে গড়ে তোলা বাগানের এমন ক্ষতি দেখে কান্নায় ভেঙে পড়েন এই কৃষক।
ক্ষতিগ্রস্ত কলা চাষি মো. শহিদুল ইসলাম শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গ্রামের আবুল কালামের ছেলে। তিনি জানান, প্রায় দুই বছর আগে উপজেলার ওমরপুর গ্রামের আব্দুল হাকিমসহ কয়েকজনের কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকায় জমি লিজ নিয়ে এই কলাবাগান গড়ে তুলেছিলেন। ব্যাংক ও স্থানীয় বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে তিনি এই বাগানে বিনিয়োগ করেছিলেন। এতই দিন সবকিছুই স্বাভাবিক নিয়মেই চলছিল। কিন্তু, রোববার(২৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয় বাসিন্দারা বাগানের কলার কাদিগুলো কাটা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে খবর দেন।
শহিদুল ইসলাম জানান, কলাগুলো বিক্রির উপযোগী হওয়ার ঠিক আগমুহূর্তে দুর্বৃত্তরা এই ক্ষতি করেছে। এখন ঋণের টাকা পরিশোধ করা ও পরিবার চালানো তার জন্য অসম্ভব হয়ে পড়েছে।
এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, এ বিষয়ে ভুক্তভোগী ব্যক্তি থানায় এসে মৌখিক অভিযোগ করেছেন। তাকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তবে ঘটনাটি শত্রুতাবশত করা হয়েছে এটা বোঝায় যাচ্ছে। লিখিত অভিযোগ পাওয়ার পরই তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।