মিরসরাইয়ে বিধবার ঘরে আগুন, পুড়ে ছাই শেষ আশ্রয়

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ PM
আগুনে পোড়া ঘর।

আগুনে পোড়া ঘর। © টিডিসি ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে দীর্ঘদিনের সম্পত্তি বিরোধের জেরে প্রনতি রাণী দাশ রায়ের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ৯ নম্বর মিরসরাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিঠাছড়া এলাকার ‘দুলালের বাড়ি’ হিসেবে পরিচিত স্থানে এ ঘটনা ঘটে। আগুনে ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। স্বামীর মৃত্যুর পর তিন মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছিলেন ৬৮ বছর বয়সী প্রনতি রাণী। আগুনে সেই আশ্রয়টুকুও হারিয়েছেন তিনি।

প্রনতি রাণী দাশ রায় অভিযোগ করেছেন, সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর আগে একই বিরোধের জেরে তার লাগানো গাছপালা কেটে নিয়ে যাওয়ার অভিযোগে গত ১৪ সেপ্টেম্বর মিরসরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন তিনি। তবে অভিযোগ দেওয়ার আট দিন পার হলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেনি বা কোনো প্রতিকারমূলক ব্যবস্থা নেয়নি বলে দাবি তার।

ভুক্তভোগী প্রনতি রাণী দাশ রায় স্বামী অমরন্দু দাশ রায় ওরফে দুলালের মৃত্যুর পর তিন মেয়েকে নিয়ে স্বামীর ভিটায় বসবাস করে আসছেন। অমরন্দু দাশ রায় ২০১৫ সালে স্ত্রী ও তিন কন্যা রেখে মারা যান।

প্রনতি রাণীর অভিযোগ, তার স্বামীর নামে তফসিলভুক্ত জমি তারা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। ওই জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর মিরসরাই থানায় দেওয়া লিখিত অভিযোগে তিনি চোটন কর্মকার (৩৭), মো. সোহেল, আজিম উদ্দিন ও আজাদ হোসেনের নাম উল্লেখ করেন। তারা সংঘবদ্ধভাবে তার লাগানো গাছপালা জোরপূর্বক কেটে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি। অভিযুক্তরা সবাই একই এলাকার প্রতিবেশী বলে জানান প্রনতি রাণী।

তবে অভিযোগ দেওয়ার পর আট দিন পার হলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেনি কিংবা কোনো প্রতিকারমূলক ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি।

এর মধ্যে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তার বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। বর্তমানে স্বামীর ভিটায় বসবাসের একমাত্র আশ্রয়টিও হারিয়েছেন ওই বিধবা।

প্রনতি রাণী দাশ বলেন, ‘আমার স্বামী মারা গেছেন ২০১৫ সালে। তিন মেয়েকে নিয়ে এত বছর ধরে স্বামীর ভিটায় বসবাস করছি। সম্পত্তি নিয়ে বিরোধ বারবার মীমাংসা হলেও তারা মানে না। আদালত রায় দিয়েছে। তারা গায়ের জোরে এসব মানে না।’

তিনি আরও বলেন, ‘গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি, কিন্তু কোনো প্রতিকার পাইনি। এখন রাতের আঁধারে আমার ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। দুটি ঘটনা একই চক্রের দ্বারা সংঘটিত হয়েছে। তাদের উদ্দেশ্য হচ্ছে আমাকে উচ্ছেদ করে জমি দখল করা। আমার স্বামী কিছু জমি বিশ্ব দরবারের কাছে বিক্রি করেছে। বিচার কে করবে?’

তিনি আরও বলেন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দীনের উদ্যোগে আজ (১৯ সেপ্টেম্বর) দুই পক্ষের বৈঠক হওয়ার কথা ছিল। তিনি সেখানে উপস্থিত হলেও অপর পক্ষ উপস্থিত হয়নি।

চোটন কর্মকার বলেন, ‘আজকের বৈঠক সম্পর্কে আমি জানি না। সম্পত্তির বিরোধ হচ্ছে সুমনের সঙ্গে প্রনতি রাণী দাশের। সুমনের সঙ্গে আমার সম্পর্কের কারণে সমাধানের জন্য আমি সম্পৃক্ত হয়েছি। এখন আমাকে বিবাদী করে একটি পক্ষ হিসেবে অভিযুক্ত করা হচ্ছে।’

গাজী নিজাম উদ্দীন বলেন, ‘চোটন কর্মকার ও প্রনতি রাণী দাশের মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলেও এ নিয়ে অনেক দেনদরবার হয়েছে, কিন্তু সমাধান হয়নি। আমি দুই পক্ষকে একজন করে প্রতিনিধি দিতে বলেছিলাম। আমার পক্ষ থেকেও একজন প্রতিনিধি থাকবে। তিনজন মিলে কাগজপত্র পর্যালোচনা করে যে সিদ্ধান্ত দেবেন, উভয়পক্ষকে তা মেনে নেওয়ার কথা ছিল। প্রনতি রাণী আজ বৈঠকে এলেও চোটন কর্মকার উপস্থিত হননি।’

তিনি বলেন, ‘এর মধ্যে প্রনতি রাণীর ঘর পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। আমি তাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ঘরে আগুন দেওয়ার বিষয়ে তিনি এখনো কোনো অভিযোগ পাননি। ১৪ সেপ্টেম্বর গাছ কাটার অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত বলতে পারছেন না জানিয়ে তিনি বলেন, তিনি চট্টগ্রামে একটি মিটিংয়ে আছেন। ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠিয়ে তদন্ত করা হবে এবং তদন্তের পর বিষয়টি জানানো হবে।

ট্যাগ: মিরসরাই
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে বসলেন ঢাকা দক্ষিণের দুই মেয়র প্রার্থী
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে চলন্ত বাসে আগুন
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আরও একজন আটক
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ৯ জন গ্রেপ্তার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
চরফ্যাশনে জিপিএ-৫ প্রাপ্ত ৬৩ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬