উদ্ধারের পর বোটে করে ভারতে নিয়ে যাচ্ছে বিএসএফ। © টিডিসি ছবি
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে।
এতে ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষাবাহিনী (বিএসএফ)। তবে এখনো নিখোঁজ রয়েছেন একজন। এ ছাড়া তাদেরকে রাতের মধ্যে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি।
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে আলিমনগর ঘাট থেকে ১১ জন যাত্রী নিয়ে একটি নৌকা নারায়ণপুর ইউনিয়নের উদ্দেশে রওনা হয়। কিছুক্ষণ পর পদ্মা নদীর মাঝপথে নৌকাটি ডুবে যায়। পরে বিএসএফ তাদের জীবিত উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন বলেন, সদর উপজেলার বাখরআলী ঘাট থেকে ডিঙ্গি নৌকা যোগে জহরপুর ক্যাম্পের এবং অত্র ইউপির ০৮ নং ওয়ার্ড এলাকায় আসছিল ১১ বা ১২ জনের একটি দল। এই সময় ডিঙ্গি নৌকাটি ডুবে যায়। পরে সাঁতার কেটে বা একজনকে উদ্ধার করা হয়েছে। বাকি ১০ বা ১১ জন ভেসে ভারতীয় সীমান্ত এলাকায় প্রবেশ করলে তাদেরকে খানদহ ক্যাম্প বিএসএফ উদ্ধার করে। তারা এখন ভারতের বিএসএফ এর কাছে আছে বলে শুনেছি। এছাড়া এই নৌকায় নারী পুরুষ ও শিশু ছিলো বলেও জানা গেছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ এর খানদোহা ক্যাম্পের সদস্যরা। আমরা তাদের সাথে যোগাযোগ করেছি। তাদেরকে রাতের মধ্যেই ফেরত আনার চেষ্টা চলছে।