মেহেরপুরে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে ব্যবসায়ীদের ধর্মঘট

৩১ আগস্ট ২০২৬, ০২:০৭ PM
 ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের ধর্মঘটে বন্ধ রয়েছে বড়বাজারের দোকানপাট

 ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের ধর্মঘটে বন্ধ রয়েছে বড়বাজারের দোকানপাট © টিডিসি

অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ তুলে মেহেরপুরের বড়বাজারের ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। কাঁচাবাজার, মুদি, মাছ ও মাংস ব্যবসায়ীদের এ কর্মসূচিতে সকাল থেকেই বাজারের সব দোকানপাট বন্ধ রয়েছে। এতে নিত্যপণ্য কিনতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা, পাশাপাশি উৎপাদিত সবজি বিক্রি করতে না পেরে লোকসানের শঙ্কায় রয়েছেন কৃষকেরা।

তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুর রহমান বলেন, ‘খাজনা জটিলতা নিরসনে জেলা প্রশাসন থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরেছি। তারা কোনো সমাধান দেননি। পরে সংবাদ সম্মেলন করে সবাইকে জানানো হলেও কোনো কাজ হয়নি।’

তিনি অভিযোগ করে বলেন, ‘প্রতিটি পণ্যের ওপর তারা খাজনা নিতে চাচ্ছেন। ১০ থেকে ২০ গুণ বেশি হারে খাজনা নেওয়া হচ্ছে। এরই প্রতিবাদ করছি আমরা। আমরা এর সুষ্ঠু সমাধান চাই। সমাধান না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।’

এদিকে জেলার কৃষকরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে এ বাজারে আসেন। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা এখানে ভিড় জমান। তারা এসব পণ্য কিনে নিয়ে যান। বাজার বন্ধ থাকায় লোকসানের মুখে পড়বেন কৃষকরা। তাদের উৎপাদিত সবজি বিক্রি করতে গিয়ে হিমশিম খেতে হবে। ফলে বড় ধরনের লোকসানের মুখে পড়তে পারেন তারা।

মেহেরপুর শহরের মল্লিকপাড়ার বাসিন্দা আনারুল ইসলাম বলেন, ‘কাঁচাবাজারটি নিত্যপণ্যের বাজার। প্রতিদিনই মানুষের প্রয়োজন হয়। অথচ বাজারে এসে দেখছি সব দোকান বন্ধ। রান্নাবান্না করার জন্য সবজি কোথা থেকে কিনব? আর চাল, আটা, মুদিপণ্য না কিনতে পারলে বাসার কী অবস্থা হবে?’

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এভাবে জিম্মি করে রাখা নয়, আমরা দ্রুত সমস্যার সমাধান চাই।’

কাঁচামালের আড়ত ব্যবসায়ী শফিক আহম্মেদ বলেন, ‘ন্যায্য দাবি আদায়ের জন্য আমাদের এ আন্দোলন। এভাবে বেশি বেশি করে খাজনা নিলে বাইরের ব্যবসায়ীরা বাজারে আসা বন্ধ করে দেবেন। ফলে ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ী ও কৃষকরা।’

কৃষকরা তাদের উৎপাদিত সবজি বিক্রি করতে বাজারে এসেছেন। কিন্তু বাজার বন্ধ থাকায় তারা বিক্রি করতে পারছেন না। বিক্রি করতে না পারলে এসব সবজি পচে যাবে। কারণ প্রতিটি সবজিই পচনশীল। সমস্যা সমাধান করে দ্রুত বাজার চালু করার জন্য জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

কুলবাড়িয়া গ্রামের সবজি ব্যবসায়ী লাবলু মোল্লা বলেন, ‘মাঠে উৎপাদিত সবজি বাজারে বিক্রি করতে এসেছি। অথচ বাজার বন্ধ। প্রতিদিনের উৎপাদিত সবজি প্রতিদিন তুলে বিক্রি করতে না পারলে লোকসানে পড়তে হবে। এছাড়াও জমি থেকে প্রতিদিন সবজি তুলতে না পারলে উৎপাদন কমে যাবে।’

বাজারের ইজারাদার সাদাত হোসেন বুড়োর দাবি, ‘আমরা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে এক টাকাও বেশি নিচ্ছি না। বরং তিন দফায় পরিবর্তন করে খাজনা কমানো হয়েছে।’

ব্যবসায়ী নেতারা বলছেন, প্রতিদিন এ বাজারে ৭ থেকে ৮ কোটি টাকার কেনাবেচা হয়।

জামালপুরে নারী অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ…
  • ৩১ আগস্ট ২০২৬
মাত্র ১ বছরের অভিজ্ঞতায় চাকরি দেবে সিটি ব্যাংক
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির সর্বশেষ রিলিজ স্লিপের ফ…
  • ৩১ আগস্ট ২০২৬
রোজার পরেই এসএসসি পরীক্ষা, এইচএসসি পেছানোরও কারণ দেখছি না
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ফাইনালের ফলাফল দেখা যাবে ৫টা থেক…
  • ৩১ আগস্ট ২০২৬
চীন সফরে ৫ অর্জনের কথা জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩১ আগস্ট ২০২৬