চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স

৬৬ চিকিৎসক পদের বিপরীতে কর্মরত ২১, সেবা নিয়ে হিমশিম

২৪ আগস্ট ২০২৬, ০৫:২৮ PM
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স © টিডিসি

উপকূলীয় জনপদ ভোলার চরফ্যাশন উপজেলার প্রায় ৭ লাখ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ১০০ শয্যায় উন্নীত হলেও প্রয়োজনীয় জনবল, বিশেষজ্ঞ চিকিৎসক ও আধুনিক পরীক্ষা-নিরীক্ষার সুবিধার অভাবে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ৬৬টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ২১ জন। চিকিৎসক ও বিশেষজ্ঞের পাশাপাশি রেডিওগ্রাফার, ফার্মাসিস্ট এবং আধুনিক পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতির সংকটে প্রতিদিনের বিপুলসংখ্যক রোগীকে কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা করাতে রোগীদের ছুটতে হচ্ছে অন্যত্র।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অবকাঠামোগতভাবে ১০০ শয্যায় উন্নীত করা হলেও প্রয়োজনীয় জনবল ও আনুষ্ঠানিক অনুমোদনের অভাবে এখনো পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হয়নি। চিকিৎসকসহ বিভিন্ন পদে জনবল সংকট থাকায় প্রতিদিন আসা বিপুলসংখ্যক রোগীকে কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, চিকিৎসকের ৬৬টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ২১ জন। এর মধ্যে ১০টি কনসালট্যান্ট পদের বিপরীতে আছেন মাত্র ২ জন। ৫২টি মেডিকেল অফিসার পদের বিপরীতে কর্মরত ১৭ জন। ১৬টি সেকমো পদের বিপরীতে আছেন মাত্র ২ জন।

অন্যদিকে ৩০টি নার্স পদের বিপরীতে কর্মরত রয়েছেন ২৮ জন। ৫টি পরিচ্ছন্নতাকর্মীর পদের বিপরীতে আছেন ২ জন। ৩টি ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের মধ্যে কর্মরত ২ জন। তবে ৩টি ফার্মাসিস্ট পদ থাকলেও বর্তমানে কোনো ফার্মাসিস্ট নেই।

হাসপাতালটিতে শিশু, গাইনি ও হৃদরোগের মতো গুরুত্বপূর্ণ বিভাগে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় রোগীদের চিকিৎসার জন্য অন্যত্র যেতে হচ্ছে। বিশেষ করে নারী ও শিশু রোগীদের ভোগান্তি বেশি। হৃদরোগে আক্রান্ত রোগীদেরও নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসা পেতে সমস্যায় পড়তে হচ্ছে।

হৃদরোগে আক্রান্ত রোগী মো. রতন বলেন, ‘দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছি। হঠাৎ অসুস্থ হলে এই হাসপাতালে আসতে হয়। কিন্তু নিয়মিত হৃদরোগ বিশেষজ্ঞ না থাকায় সপ্তাহে শুক্রবার যে চিকিৎসক আসেন, তার ওপরই নির্ভর করতে হয়। জরুরি সময়ে এভাবে চিকিৎসা পাওয়া কঠিন।’

হাসপাতালে এক্স-রে মেশিন থাকলেও সেটি পরিচালনার জন্য প্রয়োজনীয় রেডিওগ্রাফার নেই। ফলে দুর্ঘটনায় আহতসহ বিভিন্ন রোগীর এক্স-রে করাতে অনেক সময় হাসপাতালের বাইরে যেতে হচ্ছে। এতে রোগীদের বাড়তি অর্থ ব্যয়ের পাশাপাশি সময়ও নষ্ট হচ্ছে।

আরও পড়ুন: ২০২৭ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

হাসপাতালে চিকিৎসা নিতে আসা আইয়ুব বলেন, ‘চরফ্যাশন বড় উপজেলা। পাশের এলাকার মানুষও এখানে চিকিৎসা নিতে আসেন। একজন শিশু বিশেষজ্ঞ ও একজন গাইনি চিকিৎসক খুবই প্রয়োজন। এক্স-রে থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অনেক পরীক্ষা বাইরে গিয়ে করাতে হয়। এতে আমাদের বাড়তি টাকা খরচ হয়।’

হাসপাতালটিতে আধুনিক মানের পূর্ণাঙ্গ ল্যাব সুবিধা না থাকায় অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। এমনকি রক্তের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা সিবিসি করার প্রয়োজনীয় মেশিনও নেই। ফলে সরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ না পেয়ে রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে।

চরফ্যাশনের মতো বৃহৎ একটি উপজেলায় এ ধরনের সংকটের কারণে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষকে বাড়তি খরচ ও ভোগান্তি পোহাতে হচ্ছে। জরুরি রোগীদের দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব না হওয়ায় চিকিৎসা ব্যবস্থাপনাতেও জটিলতা তৈরি হচ্ছে।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাকলুকুর রহমান বলেন, হাসপাতালে এক্স-রে মেশিন রয়েছে, কিন্তু রেডিওগ্রাফার না থাকায় পূর্ণাঙ্গ সেবা দেয়া সম্ভব হচ্ছে না। আধুনিক ল্যাব ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতিরও ঘাটতি রয়েছে। সিবিসি করার মেশিনও নেই। এসব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম সুমন বলেন, হাসপাতালের চিকিৎসাসেবা উন্নত করতে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের চাহিদা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। চিকিৎসক, নার্সসহ বিভিন্ন পদে জনবল সংকট রয়েছে।

তিনি আরও বলেন, পাশাপাশি এক্স-রে সেবা চালু রাখতে রেডিওগ্রাফার এবং আধুনিক ল্যাব পরিচালনার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির প্রয়োজন রয়েছে। এসব সংকট সমাধান হলে রোগীদের চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে।

সমালোচনার মুখে লোডশেডিং শিডিউলের বিজ্ঞপ্তি বাতিল করল বুয়েট
  • ২৪ আগস্ট ২০২৬
চিকিৎসকদের আচরণে সহমর্মিতা থাকা জরুরি, মহানবীর আদর্শ ধারণের…
  • ২৪ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক পরীক্ষা স্থগিত
  • ২৪ আগস্ট ২০২৬
মাকে ধর্ষণের পর হত্যা, শিশুকে ফেলে দেওয়া হয় আড়িয়াল খাঁ নদে
  • ২৪ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলার ডুবি: ১৫ জেলে উদ্ধার, নিখোঁজ মেকানিক
  • ২৪ আগস্ট ২০২৬
১ মার্কিন ডলারে মিলছে ২০ লাখ ইরানি রিয়াল
  • ২৪ আগস্ট ২০২৬